এটাই আমার শেষ বিশ্বকাপ: রিবেরি

ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ বলে বুধবার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি। তবে ২০১৬ ইউরোতে অংশ নেয়ার দ্বার খোলা রাখলেন বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড। জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবলের পাদপ্রদীপে আসা ৩১ বছর বয়সী রিবেরি আরটিএল রেডিওকে বলেন, ‘এটাই হবে আমার শেষ বিশ্বকাপ।’ তবে এই শেষ অভিযানটা কিছু সাফল্য দিয়ে রাঙিয়ে রাখার আশাই করলেন রিবেরি, ‘কিছু অর্জন করতেই আমাদের সেখানে যেতে হবে। এটা খুবই স্বাভাবিক যে বিশ্বকাপ শিরোপা জয়ের চেষ্টাই আমরা করব।’ ২০০৬ বিশ্বকাপে জার্মানিকে ফাইনালে তুলতে অসামান্য অবদান রাখেন রিবেরি। তবে সে বছর ফাইনালে পেনাল্টিতে ইতালির কাছে হেরে যায় ফরাসিরা। ২০১০ বিশ্বকাপটা ছিল তার জন্য ভিন্ন অভিজ্ঞতার। সে বছর প্রথম পর্বে থেকেই বিদায় নেয় ফরাসিরা এবং একটি অনুশীলন পর্বে খেলোয়াড়দের স্মরণীয় ধর্মঘটের সঙ্গে যুক্ত হয়ে পড়ে রিবেরি। আজ বিকেলে ফ্রান্সের বিশ্বকাপ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। বায়ার্নের হয়ে জার্মান লীগ ও কাপ শিরোপা জয় করে ব্রাজিল যাচ্ছেন এই তারকা। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক দিদিয়ার দেশাম বর্তমানে দলটির কোচের দায়িত্ব পালন করছেন। ১৫ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স।