এবার ছিটকে পড়লেন ফার্নান্দেজ
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:২৩
মেক্সিকো মিডফিল্ডার মাটিয়াস ফার্নান্দেজের চিলির হয়ে বিশ্বকাপ খেলা হলো না। গোড়ালির ইনজুরির কারণে ফিওরেন্তিনার খেলোয়াড়টির নাম দক্ষিণ আমেরিকার দেশটির বিশ্বকাপ দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে যা ধারণা পাওয়া গিয়েছিল ইনজুরির পরিমাণ তার থেকে গুরুতর বলে ফার্নান্দেজের বিশ্বকাপে খেলা হচ্ছে না।
গত সপ্তাহে ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে তিনজনকে বাদ দিয়ে ২৭ জনের যে দল ঘোষণা করা হয়েছিল তাতে কোচ জর্জ সাম্পাওলিসের বিবেচনায় ২৮ বছর বয়সী ফার্নান্দেজও ছিলেন। কিন্তু চিলির রাজধানী সানটিয়াগোতে পৌঁছানোর পরে তার গোড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়ে। এই কারণে তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ২৮ বছর বয়সী খেলোয়াড়টি জানিয়েছেন, গোড়ালির এ ব্যথাটা তার আগে থেকেই ছিল। এখন দ্রুত অস্ত্রোপচার করেই কেবল সমস্যাটির সমাধান সম্ভব। ২০১০ সালে বিশ্বকাপে চিলির পক্ষে খেলেছিলেন এই মিডফিল্ডার। সাবেক ভিলারিয়াল এবং স্পোর্টিং লিসবনের এই খেলোয়াড় গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা খুবই দু:খজনক, কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে যাওয়াটা ঠিক হতো না। আমি কোনদিনও বুঝতে পারিনি ইনজুরির মাত্রা এতটা গুরুতর। আগামী ২ জুনের মধ্যে ২৩ জনের চূড়ান্ত তালিকা দিতে হবে সাম্পাওলিকে। কিন্তু ফার্নান্দেজ ছাড়াও জুভেন্টাসের মিডফিল্ডার আরটুরো ভিডালের ইনজুরি নিয়ে সংশয় রয়েছে। হাঁটুর অস্ত্রোপচার শেষে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। -বাসস