এভারেস্ট বিজয়ী সজলের স্বপ্ন পূরণের প্রত্যয়
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:২৯
এভারেস্ট জয় করে মৃত্যুর কাছে হার মানেন প্রতিভা আর সম্ভাবনার সংমিশ্রণে উজ্জীবিত তরুণ সজল খালেদ। গত ২০ মে পূরণ হয় এভারেস্ট জয়ের পর তার হারিয়ে যাওয়ার প্রথম বছর। এই উপলক্ষে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে এক স্মরণসভার আয়োজন করে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বন্ধু-বান্ধব, গুণগ্রাহীরা সকলেই স্বল্পদীর্ঘ সময়ে সজল খালেদের বৈচিত্র্যময় জীবন তুলে ধরেন। তারা বলেন, একজন সফল মানুষ ছিলেন সজল। তার সন্তান গর্ব করে বলতে পারবেন বীর পিতার নাম। সাহসী এই তরুণকে বাঁচিয়ে রাখতে তারা সজলের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশে তরুণরা আজ পর্বতারোহণে আগ্রহী। এই জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদার ও এম এ মুহিত এবং সজল খালেদের সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী অন্যান্য ব্যক্তিত্ব আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যান্টার্কটিকা ও উত্তর-মেরু অভিযাত্রী ইনাম আল হক।