মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬ জনকে জিজ্ঞাসাবাদ

বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানসহ ছয় সচিবের মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-সচিবসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী তাদের জিজ্ঞাসাবাদ করেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-সচিব মো. নূর আলম, ডিজি সৈয়দ মাহাবুব আহসান, পরিচালক এ কে এম খায়রুল আলম, এ কে এম আলী আহাদ খান, উপ-পরিচালক মাহমুদুল হক ও অফিস সহকারী মেহনাজ। এর আগে ১৯ মে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেয় দুদক। দুদক সূত্র জানায়, যে ছয় সচিবের মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার, স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এ কে এম আমির হোসেন ও প্রবাসী কল্যাণ সচিব খোন্দকার শওকত হোসেন।