গ্রামেও ই-কমার্সকে ছড়িয়ে দিতে এটুআই-এর উদ্যোগ

তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষও যাতে গ্রামে বসেই অনলাইনে পণ্য বেচা-কেনা, অনলাইন ব্যাংকিং এবং কুরিয়ার সেবা উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে ইউএনডিপি ও ইউএসএইড-এর অর্থায়নে এটুআই প্রোগ্রাম ও ৮টি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী প্রাথমিক পর্যায়ে দেশের ২০০টি ইউআইএসসি থেকে এসব সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ইউআইএসসি এবং পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশন তথ্য ও সেবাকেন্দ্র থেকেও এসব সেবা পাওয়া যাবে। ২০১৭ সাল পর্যন্ত এ সমঝোতা স্মারকের মাধ্যমে ৩টি ভার্চুয়াল শপ (ফিউচার সলিউশন ফর বিজনেস, কম্পিউটার জগত্, চালডাল ডটকম), ২টি পেমেন্ট গেটওয়ে (ই-ক্যাশ লিমিটেড ও কাসাডা টেকনোলজিস) এবং ৩টি কুরিয়ার সার্ভিসকে (সুন্দরবন কুরিয়ার, সোনার কুরিয়ার ও ই-কুরিয়ার ডটকম) সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামে বসেও অনলাইনে পণ্য কেনাকাটা, অনলাইন ব্যাংকিং এবং জেলা ও উপজেলা পর্যায় অতিক্রম করে এই উদ্যোগে ইউনিয়ন পর্যায়েও পৌঁছে যাবে কুরিয়ার সেবা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এ ছাড়া এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজ আনীর চৌধুরী, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসহ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।