সুয়ারেজের বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়

উরুগুয়ে কর্মকর্তাদের এখনো বিশ্বাস, গতকাল বৃহস্পতিবার লুই সুয়ারেজের ইনজুরিগ্রস্ত হাঁটুতে অস্ত্রোপচার হলেও তাকে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলাটিতে পাওয়া যাবে। বৃটেনের স্পোর্টসমেইল জানায়, উরুগুয়ে কর্মকর্তারা বুঝতে পারছেন সুয়ারেজকে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ১৪ জুন কোস্টারিকার বিরুদ্ধে পাওয়া যাবে না। তবে এর পাঁচদিন পর ১৯ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় খেলাটিতে দেখা যাবে ২৭ বছর বয়সী খেলোয়াড়টিকে। সুয়ারেজ গত বুধবার অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পান। এরপর গতকাল সকালেই এবারের প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা খেলোয়াড়টির অস্ত্রোপচার করানো হয়। এ ঘটনা উরুগুয়ের জন্য দু:সংবাদ বয়ে আনে। কেননা বিশ্বকাপ শুরু হবার মাত্র ২১ দিন আগে দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়ের ইনজুরি উরুগুয়ের জন্য দু:শ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা উরুগুয়ের আশাবাদের পরও এ ঘটনার পর সুয়ারেজের বিশ্বকাপ খেলা নাও হতে পারে। কেননা এ ধরনের ইনজুরিতে কখনো কখনো ১৬ সপ্তাহও মাঠের বাইরে কাটাতে হয় একজন খেলোয়াড়কে। আপাতত ধরে নেয়া হচ্ছে স্ট্রাইকারটি চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। উরুগুয়ের ফুটবল ফেডারেশনের একজন কর্মকর্তা বলেন, ‘এটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। আমরা এখন যা করণীয় তাই করছি। তবে অস্ত্রোপচারকে ঘিরে আরো অনেক সম্ভাবনাই আছে। আমি এরচেয়ে বেশি কিছু বলতে পারবো না। উরুগুয়ে ফেডারেশন বৃহস্পতিবার (গতকাল) বিস্তারিত জানাবে। দক্ষিণ আমেরিকার দলটিকে বিশ্বকাপের সম্ভাব্য বিপজ্জনক দল হিসাবে ভাবা হচ্ছে। ‘ডি’ গ্রুপে উরুগুয়ে দল রয় হজসনের ইংল্যান্ড ছাড়াও ইতালি ও কোস্টারিকার মুখোমুখি হবে। ১৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। এর আগে ৩০ মে আয়ারল্যান্ড এবং ৪ জুন স্লে¬াভেনিয়ার বিপক্ষে মন্টেভিডিওতে দুটি অনুশীলন ম্যাচ খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া ফরোয়ার্ডটির উপর উরুগুয়ে দল অনেকখানি ভরসা করে আছে। তাদের দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপে তিনিই দলের জন্য মুখ্য ভূমিকা পালন করবেন। কিন্তু ২ জুন প্রতিটি দলকে তাদের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে বলে সুয়ারেজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যও বেশি সময় হাতে থাকবে না। জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ খেলা সুয়ারেজ বিশ্বকাপের অনুশীলনে যোগ দিতে গত মঙ্গলবার উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে পৌঁছান। এরপর বুধবার কোচ অস্কার তাবারেজের দলের সাথে অনুশীলনে নামলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি। এ অবস্থাতেও অনুশীলন চালিয়ে যান লিভারপুল স্ট্রাইকারটি। কিন্তু সন্ধ্যার দিকে বড় রকমের সমস্যা বোধ করতে থাকেন তিনি। খবরটি চেপে যাওয়ার চেষ্টা করে উরুগুয়ে ফেডারেশন এবং সেটা স্বীকারও করেন ফেডারেশন নির্বাহী রবার্তো প্যাস্তোরিজা। এখন তার সম্ভাব্য অনুপস্থিতিতে চাপ বাড়বে প্যারি সেন জার্মেই স্ট্রাইকার এডিসন কাভানির উপর। অবশ্য উরুগুয়ের আক্রমণভাগে কিছুটা অবদান রাখতে পারবেন চার বছর আগের বিশ্বকাপের সেরা দিয়েগো ফোরল্যানও।-বাসস/মেইলঅনলাইন