ওয়াহেদের জোড়া গোলে মোহামেডানের জয়

মোহামেডান ২ ঃ ১ ব্রাদার্স প্রধমার্ধে এক গোল। দ্বিতীয়ার্ধে অপরটি। মাঝখানে ব্রাদার্স ইউনিয়ন একবার মোহামেডানের জালে বল ফেললো। ফলে গতকাল বৃহস্পতিবার খেলা শেষের স্কোর লাইন মোহামেডান ২-ব্রাদার্স ১। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি যেভাবে দর্শকদের বিরক্ত কুড়িয়েছে, এ ম্যাচটি ছিল ঠিক তার বিপরীত। ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলায় মোহামেডান জয় পেয়েছে। বদলে যাওয়া ব্রাদার্সকে থামিয়ে দিয়েছে মোহামেডান। লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স কাল মোহামেডানের কাছে আবারো হারলো। ভালো খেলা ব্রাদার্স এদিনও মোহামেডানকে আটকে ফেলেছিল প্রায়। দুই ডিফেন্ডারদের ভুলে ড্রয়ের পথে যাওয়া ম্যাচটায় হার নিয়ে ব্রাদার্সকে বাড়ি ফিরতে হলো। মোহামেডানও যেন ম্যাচ জিতে মান নিয়ে টেন্টে ফিরল। জয় পেলেও আফসোস থেকে গেলো জোড়া গোলদাতা মোহামেডানের স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের। কারণ তিনি হ্যাটট্রিকের দুয়ারে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে মাঠ থেকে তুলে নেয়া হলো। নিষ্ক্রিয় এমিলিকে মাঠে রাখা হলেও তিনি ব্রাদার্সের রক্ষণভাগে কিছুই করতে পারলেন না। এমিলিকেও তুলে নেয়া হয়েছিল পরে। পুর্তগীজ কোচ রুই ক্যাপেলার স্ত্রীর ক্যান্সার। তিনি চলে যাওয়ায় সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ ছিলেন দায়িত্বে। গতকাল থেকে আলফাজের পরিবর্তে আবার দায়িত্বে এলেন সহকারী কোচ সাবেক তারকা ডিফেন্ডার জুয়েল রানা। ক্যাপেলার অনুপস্থিতিতে কাঠমান্ডু সাফ গেমসের ফুটবল চ্যাম্পিয়ন অধিনায়ক জুয়েল রানা প্রথম ম্যাচে কাল ভালোই করলেন। ব্রাদার্সের বিরুদ্ধে বড় ম্যাচের লড়াইয়ে মোহামেডান জয় পেয়েছে। তাতে সন্তুষ্ট মোহামেডান কর্মকর্তরা। কিন্তু ম্যাচ হেরে একেবারেই অসন্তুষ্ট ব্রাদার্স। কারণ তারা ভালো খেললেও গোলের সুযোগ নষ্ট করেছে। মোহামেডানের ওয়াহেদ ১৫ মিনিটে প্রথম গোল করেন (১-০)। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে খেলায় ফেরে ব্রাদার্স। দেখার মতো গোল করেছেন তরুণ ফরোয়ার্ড রুবেল মিয়া। প্রথমে নাইজেরিয়ান দীর্ঘদেহী ডিফেন্ডার হেনরীকে কাটান, দ্বিতীয় ডজ দেন ক্যামেরুনের বাইবেককে, সামনে বাধা দিতে আসেন হেমন্ত বিশ্বাস। তাকেই কাটিয়ে বল শট করেন জালে, গোলকিপার টিটু বাধা হয়ে দাঁড়াতে পারেননি। বল জালে ঠাঁই নেয় (১-১)। ৭১ মিনিটে লং বল পেয়ে মোহামেডান স্ট্রাইকার ওয়াহেদ ব্রাদার্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে ফেলেন। মোহামেডানকে ম্যাচ জেতান এই স্ট্রাইকার (২-১)। লিগের দ্বিতীয় পর্বে ওয়াহেদের গোলে মোহামেডান তিন ম্যাচ জিতল এবং ৯ পয়েন্ট পেলো। ১৬ ম্যাচে মোহামেডান ২৯ পয়েন্টে তৃতীয় স্থানে এবং ব্রাদার্স ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডানের পরেই চতুর্থ স্থানে থাকলো। আজকের খেলা:মুক্তিযোদ্ধা ঃ সকার ক্লাব (গোপালগঞ্জ ৪টা ১৫)। বিজেএমসি ঃ চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ও উত্তর বারিধারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০ ও ৭টা ৩০)।