স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রোনালদো
প্রকাশ : ২২ মে ২০১৪, ২২:১৭
লিসবনে নিজের দেশে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নামার দুই দিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো গতকাল আবারো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর তিনি। যদিও চোট গ্রস্ত পর্তুগীজ অধিনায়ক গতকাল দলের সাথে লিসবনে উড়াল দেয়ার আগে সর্বশেষ অনুশীলনেও অংশ নিতে পারেননি দলের সাথে। রিয়ালের অন্য দুই তারকা গ্যারেথ বেল এবং করিম বেনজামাও ফিরে পাননি শতভাগ ফিটনেস।
সতীর্থদের সঙ্গে নয় বরং গত দু’দিন ধরেই আলাদাভাবে অনুশীলন করা রোনালদো বলেন, ‘এটা হবে বিশেষ একটা ম্যাচ। আমি আমার নিজের দেশে খেলবো। তবে আসল ব্যাপার হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে এটা হবে আমার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এটাই ফাইনালটাকে বিশেষত্ব দান করছে।’ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই রিয়ালের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার অংশ হবার স্বপ্ন দেখতে থাকা রোনালদো ক্লাবে নিজের ষষ্ঠ মৌসুমে অবশেষে পাচ্ছেন সেই সুযোগ। আর সেটাকে কাজে লাগাতে মরিয়া লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এই তারকা, ‘এটা এমন একটা ট্রফি যেটা জেতার জন্য আমরা বহু বছর ধরেই অপেক্ষা করছি। আমরা প্রথম যেদিন এখানে আসি, সেদিন থেকেই এটা জেতার ইতিবাচক চাপটা আমরা বোধ করছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণের এক ধাপ মাত্র দূরে আমরা!’
তবে লা লিগার নতুন চ্যাম্পিয়ন্স অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালটা মোটেই সহজ হবে না বলেও স্বীকার করেছেন পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন সারথী রোনালদো। তবে রিয়াল তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে নগর প্রতিদ্বন্দ্বীদের বাধা টপকানো খুব একটা কঠিন হবে না বলেই বিশ্বাস রোনালদোর, ‘এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। তারা (অ্যাটলেটিকো) দুর্দান্ত একটা দল, অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছে তারা। তবে আমাদের আত্মবিশ্বাসের কোন কমতি নেই এবং নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জেতার জন্যই খেলবো আমরা।’
নিজেদের শক্তিমত্তার জায়গা হিসাবে রিয়ালের সেই বিখ্যাত আক্রমণভাগের কথাই উল্লেখ করলেন ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের চলতি আসরে রিয়ালই সর্বোচ্চ গোলদাতা দল মনে করিয়ে দিয়ে রোনালদো বলেন, ‘আমরা খুব দ্রুত খেলতে পছন্দ করি যারা চার কিংবা পাঁচটা পাসে প্রতিপক্ষের গোলমুখে ত্রাস সৃষ্টি করতে পারি। আমাদের খেলার ধরনটাই হচ্ছে গোল দেয়া। মানুষ এজন্যই আমাদের খেলাটা পছন্দ করে এবং তারা চায় আমরা যেন আরো গোল করি। আমরা মাঠে একটা সরাসরি পদ্ধতি প্রয়োগের চেষ্টা করি যার মূলে থাকে নিজেদের মানটা দেখানোর পাশাপাশি দর্শকের বিনোদন চাহিদা পূরণ করা। রিয়াল মাদ্রিদ সবসময়ই চায় গোল করতে এবং তার সমর্থকদের খুশি দেখতে।’