ওয়ার্ল্ড হকি বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে
প্রকাশ : ২২ মে ২০১৪, ২২:১৮
স্পোর্টস রিপোর্টার
ওয়ার্ল্ড হকি লিগের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা এবং আফগানিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্ব। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিকদের প্রতিপক্ষ হংকং। খেলা শুরু হবে বিকাল সোয়া তিনটায়।
এর আগেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে দুপুর সোয়া ১টায়। শ্রীলংকা-আফগানিস্তান মুখোমুখি হবে সেই ম্যাচে। ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকির দ্বিতীয় ম্যাচে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ২০১২ সালে অনুষ্ঠিত বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ৬-১ গোলে হংকংকে, ৪-২ গোলে সিঙ্গাপুরকে এবং ৬১ গোলে থাইল্যান্ডকে হারিয়েছিল। দ্বিতীয় পর্বে বাংলাদেশ ৫-২ গোলে আয়ারল্যান্ডের কাছে হারে, ৪-২ গোলে চীনকে হারিয়ে আন্তর্জাতিক হকি অঙ্গনে সাড়া ফেলেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ৪-১ গোলে ওমানকে হারায়, ৮-৪ গোলে ফিজিকে হারায় এবং শেষ ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হেরে যায় বাংলাদেশ।