নওমী

সুরের সাথে নওমীর হূদ্যতা শৈশব থেকেই। ক্ষুদে গানরাজের মাধ্যমে শ্রোতাদের মাঝে জায়গা করে নেন তিনি। এরপর একে একে অনেক ভালো গান ও মিউজিক ভিডিও উপহার দিয়েছেন আমাদের। সুরের মূর্ছনায় নওমী জায়গা করে নিয়েছেন তরুণ শ্রোতাদের মাঝে। তার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দলাগা একনজরে আজকের প্রিয় তারুণ্যে। কথা বলে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র জন্মতারিখ :২ জুলাই পড়াশোনা :ক্যামব্রিয়ান কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি। অনুপ্রেরণা :অনেকের থেকে অনুপ্রেরণা পাই। বাবা-মা অনেক উত্সাহ দেন। ছোটবেলায় মা টিভিতে গাইতেন। তার আগ্রহেই মূলত গান শেখা। আর এখন যারা আমার গান শুনছেন, তারা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। প্রথম মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা যতদূর মনে পড়ে পাঁচ বছর বয়সে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে গেয়েছিলাম। ভয়ে ভয়ে সেদিন পারফর্ম করেছিলাম রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি ভালোবাসি’। পুরোটা সময় মায়ের দিকে তাকিয়ে ছিলাম একটু এদিক ওদিক হলেই কান্না শুরু করা এমন এক পরিস্থিতি। গায়িকা না হলে কী হতাম বাবা-মা যেহেতু শিক্ষকতায়, সে ধরনের কিছুতেই আগ্রহ ছিল। একটা সময় ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল, এখন অবশ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই। কত রকম ইচ্ছে আমার! আয়নায় নিজেকে দেখলে কী মনে হয়? অনেক রকম চিন্তাভাবনা হয়। আজকের দিনটা কেমন গেল? নিজের ভুলত্রুটিগুলো বোঝার চেষ্টা করি। সম্প্রতি দেখা চলচ্চিত্র অনেক মুভি দেখি। সর্বশেষ দেখেছি ‘আই অ্যাম স্যাম’ নিজের গান শুনতে কেমন লাগে ভুলত্রুটিগুলোই চোখে পড়ে বেশি। সেগুলো সংশোধনের চেষ্টা থাকে পরের আয়োজনে। যে গান বারবার শোনা হয় রবীন্দ্রসংগীত বেশি শুনি। ‘মাঝে মাঝে তব দেখা পাই’ আমার খুব প্রিয় একটা গান। দেশের বাইরের অনেক প্রিয় শিল্পীর গানও শোনা হয়। বাইরে খেতে গেলে প্রথম পছন্দ পিত্জা, স্যুপ আর ফ্রেশ জুস পছন্দের প্রথমে সবসময়ই। আড্ডায় কী নিয়ে কথা হয়? এখনকার আড্ডা মানেই তো ফেসবুক নিয়ে মেতে থাকা, সেলফি তোলা। বন্ধুদের নিয়ে অনেক খুনসুটি হয়। কথা হয় মুভি নিয়ে! আড্ডার বিষয়ের তো কোনো শেষ নেই।