আ মা র স্ব প্ন
প্রকাশ : ২৩ মে ২০১৪, ১৯:৩৬
পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক,
৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :torunkantha.ittefaq@gmail.com
বুদ্ধিজীবী হতে চাই
মানুষ নাকি তার আশার সমান বড়। আবার, জ্ঞানার্জনের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যাও। উত্সাহ-উদ্দীপনা যদি কিছু পাই তো এই দুই বাক্য থেকেই পাই। স্বপ্নের তো আর শেষ নেই। স্বপ্নে আজ বিল গেটস, কাল বারাক ওবামা, পরশু স্টিভ জবস—প্রতিদিনই বিখ্যাত কেউ হচ্ছি। ভিনদেশি প্রসিদ্ধ সব ডিগ্রি চাই। ড. খাইরুল নামে সবাই ডাকবে। বিভিন্ন দিবসে অতিথি মঞ্চ মাতাবো, রাতে টক শোর আসর জমাব। বিখ্যাত বিশেষজ্ঞ হয়ে দেশের লাল-সবুজ নিশান উড়িয়ে দেব ভিনদেশি চরাচরে। লেখালেখির প্রচেষ্টা আমার ভীষণ। কবিতা, গল্প, রম্য, প্রযুক্তি কোনো কিছুই বাদ যায় না কলম থেকে। ইতিউতি পত্রিকায় লিখি, ব্লগেও লিখি, আবার ফি বছর বইমেলায় বই প্রকাশের আশায় বুক বাঁধি। প্রতিটি শব্দের পরতে পরতে বাঁধাই করি দেশ গড়ার মোটা সুতো। আলোচনা-সমালোচনার করাত দিয়ে কাটি চোখের সামনের অসঙ্গতিগুলোকে।
খাইরুল ইসলাম তাজ
শিক্ষার্থী, এলএলএম, ঢাবি
সুপ্রতিষ্ঠিত মানুষ হওয়ার ইচ্ছা
আমার স্বপ্ন হলো আমি একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হবো। আমি মনে করি সুপ্রষ্ঠিত মানুষ হতে হলে একজন ভালো শিক্ষার্থী হওয়া জরুরি। আর নিজের স্বপ্ন শুধুই যে একজন ভালো ছাত্রী হবো তাও নয়। নিজেকে একজন ভালো মানুষ হিসেবেও তৈরি করতে চাই। ইন্টারমিডিয়েট শেষ করে বিবিএতে ভর্তি হয়েছি। প্রথম থেকেই লেখাপড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করছি। আমি যে বিষয়ে পড়াশোনা করছি তাতে আমাকে হয়তো ব্যাংকিং সেক্টরটাকেই বেছে নিতে হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনার সাথে ক্যারিয়ারের সামঞ্জস্যটা আসলে খুবই কম। ইউনিভার্সিটির স্যাররা অনেক ভালো করে আমাদের পড়াতে চেষ্টা করেন। সুপ্রতিষ্ঠিত মানুষ হতে হলে একজন শিক্ষকের এই ভূমিকাটাও অত্যন্ত জরুরি।
মনিকা সিনহা, শিক্ষার্থী
বিবিএ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট