অ্যানচেলোত্তির সামনে পেইসলির হাতছানি

রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলোত্তির নিয়োগের একমাত্র কারণই রিয়ালকে তাদের বহু আরাধ্য ‘লা দেসিমা’ বা দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়া। তাই রিয়ালের লিগ জিততে না পারাটাও অ্যানচেলোত্তির জন্য বড় কোন সমস্যা হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। তবে আজ রাতে যদি অ্যাটলেটিকোকে হারাতে না পারেন অবস্থাটা তখন নিশ্চিতভাবেই তেমনটা থাকবে না। আজ জিতে গেলে রিয়ালের ফুটবল ইতিহাসে সম্মানজনক একটা আসনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবেন এই ইতালিয়ান। কারণ, সেক্ষেত্রে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচের তালিকায় বব পেইসলির পাশে পৌঁছে যাবেন তিনি। ১৯৭৭, ’৭৮ ও ’৮১ সালে লিভারপুলকে তিনবার শিরোপা জিতিয়ে এই তালিকায় সবার উপরে আছেন এই ইংলিশ। আর এসি মিলানকে ২০০৩ ও ’০৭ সালে শিরোপা জেতানো অ্যানচেলোত্তি আছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে। খেলোয়াড় হিসাবেও মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অ্যানচেলোত্তি অবশ্য এই কীর্তি নিয়ে খুব একটা ভাবছেন না বলেই জানালেন। তার উপর কোন চাপ নেই দাবি করে অ্যানচেলোত্তি বলেন, ‘আমার উপরে কোন চাপ নেই। আমি শুধু এই মুহূর্তের আনন্দটা উপভোগ করছি।’