বারীধারায় আটকে গেলো শেখ জামাল

লিগের প্রথম পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮-০ গোলে উত্তর বারীধারা ক্লাবকে হারালেও কাল ফিরতি পর্বে দুই দলের খেলাটা ১-১ গোলে ড্র হলো। গোল হজমের পর তা শোধ করে তবেই ড্রয়ে সক্ষম হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল। উত্তর বারীধারা ক্লাব প্রথম পর্বে বাজে পারফরম্যান্সের পর বিদেশি ফুটবলারে পরিবর্তন আনলে উন্নতির ছোঁয়া লাগতে শুরু করে। ম্যাচ না জিতলেও প্রতিপক্ষ দলগুলোকে ঘাম ছুটিয়ে দেয়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী শক্তিশালী শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে ১৮ মিনিটে ডান দিক থেকে মনুর ক্রস কেনিয়ান কলিন্স টিয়েগো দুর্দান্ত হেডে গোল করেন (১-০)। আগের ম্যাচে সকার ক্লাবের বিরুদ্ধে গোল করে এক পয়েন্ট এনে দেন টিয়েগো। তার আগে আবাহনীর বিরুদ্ধেও গোল করেন স্ট্রাইকারটি। কাল শেখ জামালের বিরুদ্ধে তার গোলটির স্টেডিয়ামে হাজির হাজার খানেক দর্শক উল্লাস করলো। ১৮ মিনিটের গোলটির এই আনন্দ টিকলো না বেশিক্ষণ। ২৮ মিনিটে রাইট উইং থেকে সনি নর্দের চোখ ধাঁধানো বাঁকানো শটে জালে জড়িয়ে যায় (১-১)। ৮৫ মিনিটে জামালের এমেকা ডার্লিংটন গোলকিপার এবং বারীধারা অধিনায়ক ওসমান গনিকে লাথি মারলে রেফারী আজাদ রহমান লালকার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন। সনি পেনাল্টি মারলেও বল বারের উপর দিয়ে চলে যায়। শেষ মুহুর্তে বক্স থেকে ফ্রি কিক নিলেও তা বাইরে চলে যায়। আগের ম্যাচে আবাহনীর সাথে গোলশূন্য ড্র করে শেখ জামাল দুই ম্যাচে চার পয়েন্ট হারালো। শেখ জামাল ১৭ খেলা শেষে ৩৯ এবং বারীধারা সমান খেলায় ১২ পয়েন্ট পেলো। আজ কোন খেলা নেই। সোমবার আবাহনী ও চট্টগ্রাম আবাহনী খেলা।