কিউট হ্যান্ডবলের প্রথম দিনেই লালকার্ড

গতকাল কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের উদ্বোধনী দিনেই অনিয়মের ঘটনা ঘটেছে। লালকার্ড পেয়েছেন নারিন্দা প্রগতি সংঘের আতাউর। তিনি গোল করার পর স্কোরার নাম লিখতে গিয়ে দেখেন খেলোয়াড় তালিকায় আতাউরের নাম নেই। খেলা বন্ধ হয়ে যায়। সবার চোখ এড়িয়ে কিভাবে নাম না লিখেই খেলোয়াড় মাঠে নামলো। তা নিয়ে প্রশ্ন উঠল। রেফারি আতাউরকে লালকার্ড দেন। অন্যান্য ক্লাব কর্মকর্তারা বলেন, খেলোয়াড়ের কী দোষ। প্লেয়ার লিস্ট যখন জমা নেয়া হয় তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কী করেছেন। তখন কেন চেক করা হলো না। দুপুরে অনুষ্ঠিত অনিয়মের এই ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩৫-২৫ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে হারায়। আরামবাগ ক্রীড়া সংঘ এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব নিজ নিজ খেলায় জিতলেও ড্র করেছে মেরিনার ইয়াংস। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকালে লিগের উদ্বোধনী খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৭-২৭ গোলে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘের (বাংলা ক্লাব) বিরুদ্ধে ড্র করে। একই মাঠে সকালে অনুষ্ঠিত খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৩৯-২১ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে হারায়।