ত্রিমাত্রিক ইমেজ ধারণ করবে গুগলের নতুন ট্যাবলেট

টেক জায়ান্ট গুগল নতুন যে অ্যান্ড্রয়েড ট্যাবলেট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, তা ত্রিমাত্রিক ইমেজ ধারণ করতে সক্ষম হবে। আগামী মাসেই নতুন এই ট্যাবলেট পিসির প্রথম ৪ হাজার ইউনিট তৈরি হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন। আগামী জুনে অনুষ্ঠিতব্য গুগলের ডেভেলপারস কনফারেন্সেই এগুলো উন্মোচন কার হবে বলে জানা গেছে। এই ট্যাবলেট পিসিতে বিশেষ ফিচার হিসেবে থাকছে দুইটি রেয়ার ফেসিং ক্যামেরা এবং অ্যাডভান্সড ইমেজিং সফটওয়্যার। গত মার্চে গুগল ‘ট্যাঙ্গো’ নামে একটি প্রকল্প প্রদর্শন করে যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন বহনযোগ্য ডিভাইসে ত্রিমাত্রিক প্রযুক্তি সংযোজন করা। ধারণা করা হচ্ছে এই ‘ট্যাঙ্গো’ প্রকল্পের আওতায় নতুন এই ট্যাবলেট পিসি তৈরি করা হচ্ছে। এই ট্যাবলেট পিসির মাধ্যমে ত্রিমাত্রিক ছবি ধারণের জন্য ট্যাবলেটের পেছনে দুইটি ক্যামেরার সাথে সাথে থাকবে ইনফ্রারেড সেন্সর। যে স্থানের ছবি তোলা হবে, সেই স্থানের ত্রিমাত্রিক ছবি তোলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্তরের গভীরতা পরিমাপ করতে পারবে এই সেন্সর। মূলত অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই তৈরি করা হয়েছে ট্যাঙ্গো প্রকল্পের ত্রিমাত্রিক ইমেজিং প্রযুক্তি। এর জন্য বিশেষ ধরনের হার্ডওয়্যারও ব্যবহার করা হবে বলে জানা গেছে। এই প্রযুক্তির ব্যবহার করে তৈরি ট্যাবলেট পিসিতে যেকোনো স্থানের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।