খেলোয়াড়দের নিয়ে চিন্তিত স্পেন কোচ
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:১৮
স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের আশংকা ইউরোপের দীর্ঘ ফুটবল মৌসুম তার খেলোয়াড়দের ওপর বিরূপ শারীরিক প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপের শিরোপাধারীদের এই কোচ অবশ্য এও মনে করেন যে, আগামী মাসে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফুটবলারদের খেলার উপযোগী করে তোলার জন্য যথেষ্ট সময় আছে।
বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দলের বেশির ভাগ খেলোয়াড়ই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের। তিন দলই লা-লিগার শিরোপা জয়ের জন্য তীব্র লড়াইয়ে ব্যস্ত ছিল এবং মৌসুমের শেষ দিনে গিয়ে এর ফয়সালা হয় অ্যাটলেটিকোর জয়ে।
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ গতকাল রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়। দেল বস্ক জানান, এরকম পরিস্থিতি থেকে ইতিবাচক-নেতিবাচক যে কোন কিছুই আসতে পারে।
দেল বস্ক স্পেন ফুটবলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাত্কারে বলেন, ‘খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা শংকা আছে, দেখতে হবে তারা কি অবস্থায় আছে। আমার বিশ্বকাপ দলের তিন চতুর্থাংশ খেলোয়াড়ই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে খেলছে। এ থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাতে বলতে পারি আমাদের এ ফাইনাল খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এ বিবেচনা থেকে আমি মনে করি আমরা একদিকে যেমন কিছু হারাচ্ছি তেমনি আবার অন্যদিক বিচারে লাভবান হচ্ছি। ’
আগামীকাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন দেল বস্ক এবং দলের কিছু খেলোয়াড় ২৬ মে ও বাকি খেলোয়াড় ২ জুন মাদ্রিদে একত্রিত হবেন।
প্রস্তুতির ব্যাপারে দেল বস্ক বলেন, ‘আমি দীর্ঘ অনুশীলন ক্যাম্প করার পক্ষপাতি নই এবং বিশ্বকাপের সম্ভাব্য সেরা প্রস্তুতির জন্য আমাদের যথেষ্ট সময় আছে বলে মনে করি। সব খেলোয়াড়ই যথার্থ থাকবে কখনোই আপনি এমনটা আশা করতে পারেন না এবং সকল জাতীয় দলেরই একই অবস্থা। বিশ্বকাপে খেলা সকল খেলোয়াড়ই দীর্ঘ মৌসুম এবং অনেক কঠিন ম্যাচ শেষ করে আসছে।’
ব্রাজিলে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ঠিক সময়েই ফরোয়ার্ড দিয়েগো কস্তা ও উইঙ্গার জেসাস নাভাস পেশীর ইনজুরি সমস্যা কাটিয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন স্পেন কোচ।
তিনি আরো বলেন, গত ছয় বছরে ক্লাব ও আন্তর্জাতিক শিরোপার স্বাদ নেয়া অধিকাংশ খেলোয়াড়ই সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকবেন বলেই তার বিশ্বাস। তিনি বলেন, ‘তাদের প্রতি আমার বিশ্বাস আছে এবং সম্ভাব্য সর্বোচ্চ বিশ্বাস। যদি কোন খেলোয়াড় লাইনচ্যুত হয়েও থাকে তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটা আমাদের নিশ্চিত করতে হবে । কারণ বিশ্বকাপে খেলাটা বিরাট একটা সুযোগ।’
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেনের প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো নেদারল্যান্ড, চিলি এবং অস্ট্রেলিয়া।। ১৩ জুন ডাচদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্পেন। এবারের বিশ্বকাপে কমলা জার্সিধারীদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন যা কিনা ২০১০ সালের ফাইনালেরই পুনরাবৃত্তি।—বাসস