শেখ জামালে যোগ দিলেন কোচ মারুফুল হক
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:১৯
চমক জাগানো খবরই বটে। দু’দিন আগেও তিনি ছিলেন বেকার। চাকরি হারানোয় অনেকে তার সাথে কথাও বলেননি ঠিক মতো। নিজেকে আড়ালে রাখা সেই কোচ মারুফুল হক এখন আরো ভালো অবস্থানে চলে গিয়েছেন। মারুফুল হক শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে। ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদের দেশের অন্যতম সেরা এই ফুটবল কোচকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন। কাদের বলেছেন, মারুফুল হক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তার মতো একজন কোচ আমার দরকার। চ্যাম্পিয়নশিপ রাখতে হলে মারুফুল হককে আমি চাই। আমরা মারুফের মতো এমন একজনকে চাইছিলাম।’
গতকাল ক্লাব সভাপতি এবং মারুফ দু’জনেই জানিয়েছেন বিষয়টি গতকালই চূড়ান্ত হয়ে গেছে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল দলের প্রশিক্ষণের দায়িত্বে আছেন নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি। একই ক্লাবে টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন মারুফুল হক। টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে যোগ দিলেও মূলত তার কাজ হচ্ছে কোচের উপদেষ্টার দায়িত্ব পালন করা। কিন্তু আফুসি কী সেটা মানবেন? এমন প্রশ্নের জবাবে ক্লাব সভাপতি মঞ্জুর কাদের বলেন, না মানলে চলে যাবেন। তবে আমরা আফুসিকে খাটো করে দেখছি না। আমি মনে করি মাঠে শুধু খেলোয়াড়রাই খেলেন না। মাঠের বাইরে কোচকে খেলতে হয় এবং ম্যানেজারকেও খেলতে হয়।’ কথা প্রসঙ্গে মঞ্জুর কাদের বলেন, আমরা ভারতের আইএফএ শিল্ড হাতের মুঠোয় থেকেও ধরতে পারিনি। কোচের কারণে সেটা হয়নি। কোচ নির্ধারণ করতে পারেনি পেনাল্টি শ্যুাটআউটে কারা শট করবেন। কোচ এবং ম্যানেজারের কারণে আমরা আইএফএ শিল্ড মিস করেছি।’
শেখ জামাল ক্লাবে যোগ দিয়ে মারুফুল হক গতকাল জানিয়েছেন, শেখ জামাল এমন এক সময় আমাকে তুলে নিয়েছে তার জন্য আমি ক্লাব সভাপতি কাদের ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি বলেছেন, শেখ জামাল আমাকে যে সম্মান দেখিয়েছে। তাতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় ফুটবল দলকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো।’ গত ১৯ এপ্রিল শেখ রাসেল ক্রীড়া চক্র ট্রেবল জয়ী এই কোচ মারুফকে চাকরিচ্যুত করে।
যোসেফ আফুসি এবং মারুফুল হক এক সাথে কাজ করবেন। এখানে কোনো সমস্যা হবে কিনা মারুফুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমর মনে হয় না সমস্যা হবে। কারণ যেসব বিষয়গুলো নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে তা আমি জানি।’ গুঞ্জন রয়েছে আফুসিকে হয় তো আগামী ফুটবল মৌসুমে আর শেখ জামালে দেখা যাবে না। যে কারণে এখন থেকে মারুফুল হকই সময়ের সাথে সাথে কাজ বুঝে নেবেন। গত শুক্রবার পেশাদার ফুটবল লিগে শেখ জামাল ১-১ গোলে উত্তর বারিধারার বিরুদ্ধে ড্র করে মান বাঁচিয়েছে। তারও আগে আবাহনীর সাথে গোল শূন্য ড্র করে শেখ জামাল। গতকাল নতুন কোচের দায়িত্ব গ্রহণের খবর ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়লে অনেকের প্রশ্ন জাগে আফুসির সময়টা বোধহয় ফুরিয়ে আসছে। এই ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের সাফল্যের বিকল্প কিছু ভাবতে চান না। ক্লাব গঠনের পর মৌসুম চলাকালীন একাধিক কোচ বিদায় করেছেন। কাজ পছন্দ না হলে এক মুহূর্ত তাকে রাখতে রাজি না তিনি। ইতিহাস বলছে সার্ভিয়ান কোচ, শ্রীলংকান পাকির আলী, সাইফুল বারী টিটুসহ একাধিক কোচ এই ক্লাবে যাওয়া আসা করেছেন। এখন চলতি মৌসুমের জন্য নতুন পরীক্ষায় পড়েছেন মারুফুল হক। দেখা যাক তার ভাগ্যে কী লেখা আছে। প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল পয়েন্ট টেবিলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।