রেকর্ড গড়ে পিএসজিতে লুইজ

বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডারের তকমা গায়ে এটে চেলসি থেকে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমাচ্ছেন ডেভিড লুইজ। প্রায় চার কোটি পাউন্ড মূল্যমানের এই ট্রান্সফারটি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে চেলসির পক্ষ থেকে। চেলসি গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘এখন ডেভিড লুইজ পিএসজির সাথে তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে একমত হবার পর বাকি থাকবে কেবল মেডিক্যাল পরিক্ষা।’ ২০০১ সালের জানুয়ারিতে বেনিফিকা থেকে চেলসিতে যোগ দেয়া লুইজের ব্লুজদের চুক্তির মেয়াদ তিন বছর বাকি থাকলেও হোসে মরিনহোর দলে কৌশলগত দিক থেকে খুব বেশী ব্যবহার করা হচ্ছিল না। আর শিরোপাবিহীন এক মৌসুম শেষে এই ব্রাজিলিয়ানকে ছেড়ে দেয়ার বিষয়টা ছিল অনেকটা অনুমিতই। লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি বাদে লুইজের বিষয়ে আগ্রহী দলগুলোর মধ্যে শোনা যাচ্ছিল বার্সেলোনার নামও। শেষ পর্যন্ত পিএসজিতে যেতে পেরে চেলসির প্রতি কৃতজ্ঞতাই জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ন এই সদস্য।