নিরাপত্তায় ১ লাখ
৫৭ হাজার কর্মী
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:২০
বিশ্বকাপ চলাকালে দেশের আইন-শৃংখলা নিয়ন্ত্রণের জন্য এক লাখ ৫৭ হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ১৮ দিন থাকলেও বিক্ষোভ এবং সহিংসতায় দেশটি অনেকটাই অচল হয়ে পড়েছে। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, টুর্নামেন্টের জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৭ হাজার সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য তাত্ক্ষণিকভাবে মোতায়েনযোগ্য সদস্য প্রস্তুত থাকবে ২১ হাজার। আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি এবং নিরাপত্তাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে মন্ত্রণালয় ৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
ব্রাজিলের আইনমন্ত্রী হোসে এডুয়ার্ডো কার্ডোজো বলেছেন, তিনি মনে করেন না সামপ্রতিক সময়ে চলা বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি গত বছর কনফেডারেশন কাপের সময় সংঘটিত প্রতিবাদ কর্মসূচীর পর্যায়ে পৌঁছবে। গত বছরের বিশ্বকাপ পূর্ব টুর্নামেন্টটির সময় গোটা দেশে ছড়িয়ে পড়েছিল ওইসব প্রতিবাদী কর্মসূচি যাতে প্রায় ১০ লাখ লোক রাস্তায় নেমে এসেছিল। এসব কর্মসূচী আয়োজকদের বিপাকে ফেলে দেয়। তিনি বলেন,‘আমরা মনে করি গত বছরের জুনের তুলনায় এখনকার আন্দোলন বেশ সংক্ষিপ্ত। তবে এটি নিশ্চিত করে বলতে পারি যে, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।’ বাসস/এএফপি