পরাদৃষ্টি

শিল্পী এস এম সুলতানের আঁকা ছবি নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘পরাদৃষ্টি’ শীর্ষক এ প্রদর্শনী। আর এই প্রদর্শনীর মধ্য দিয়েই রাজধানীতে যাত্রা শুরু করল ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’ নামের একটি গ্যালারি। এ নিয়ে আমাদের এবারের আয়োজন ‘ডেইলি স্টার’ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় গতকাল ফার্মগেটের ডেইলি স্টার ভবনে উদ্বোধন করা হলো এ গ্যালারির। উদ্বোধন উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহে থাকা এস এম সুলতানের ছবি নিয়ে আয়োজন করা হয়েছে ‘পরাদৃষ্টি’ শীর্ষক এ প্রদর্শনীর। নতুন এ গ্যালারি ও প্রদর্শনীটির যৌথভাবে উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। বক্তব্য রাখেন ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্যালারির উপপরিচালক সাদিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘দেশে চিত্রপ্রদর্শনীর গ্যালারি বাড়ছে। এটা দেশের মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে শিল্প রুচি গড়ে তুলছে।’ তিনি আরও বলেন, ‘এস এম সুলতানের ছবিতে বাংলার কৃষি জীবনের প্রতিফলন দেখা যায়। শুধু তার ছবিতে মানুষগুলো অন্যরকম। সুলতানের ছবির মানুষগুলো স্বাস্থ্যবান, সুঠাম। সুলতান ছবিতে এই বাংলার মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফজলে হাসান আবেদ, ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, গ্যালারির উপপরিচালক সাদিয়া রহমান প্রমুখ। ডেইলি স্টার ভবনে অবস্থিত উভয় গ্যালারিতে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।