ঘুমের ধরন থেকে ত্বকে রিংকেল
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২২:০৬
ত্বকে রিংকেল বা ভাজ পড়া এটা এখন আর কেউ চান না। বিশেষ করে মহিলারা চান ত্বক যেন থাকে ভাজ বা রিংকেল মুক্ত। আর যাদের অনাকাঙ্ক্ষিত রিংকেল পড়ছে তাদের অনেকে বটক্স, ফিলার নামক ইনজেকশনের মাধ্যমে ত্বকের ভাজ ঠিক করতে চান। এমনকি সত্তরোর্ধ্ব নারী পুরুষ, রাজনীতিবিদ, সেলিব্রেটি সবাই চান তারুণ্য। আর এ জন্য অনেকে বেছে নেন বটক্স, ফিলার ইত্যাদি। কিন্তু আমরা অনেকেই ভাবি না কেন ত্বকে রিংকেল পড়ে। শুধু কি বয়স বাড়ার কারণেই রিংকেল তৈরি হয়?
ত্বকের ভাজ পড়ার পেছনে রয়েছে নানা কারণ। এ ব্যাপারে রিডার্স ডাইজেস্ট একটি চমত্কার তথ্য দিয়েছে। তা হচ্ছে যারা কাত্ হয়ে বা মাথা নিচু করে ঘুমান তাদের কপালে-মুখের ত্বকে অনাকাঙ্ক্ষিতভাবে রিংকেল পড়ে। এর পিছনে বিশেষজ্ঞদের যুক্তি হচ্ছে কাত্ হয়ে বা মুখ নিচের দিক করে শোয়ার কারণে মুখের এক পাশে চাপা পড়ে এবং এতে ক্রমান্বয়ে মুখ ও কপালের ত্বকে ভাজ পড়তে শুরু করে।
রিডার্স ডাইজেস্ট-এর প্রতিবেদনে উল্লেখ কর হয়েছে, যারা চিত্ হয়ে ঘুমান তাদের তুলনামূলকভাবে মুখ ও কপালের ত্বকে রিংকেল কম পড়ে। অপর একটা গবেষণা তথ্যে উল্লেখ করা হয়েছে যারা কারণে-অকারণে হঠাত্ রেগে যান এবং বারবার কপাল কুচকান তাদেরও কম বয়সে ত্বকে রিংকেল পড়ে। তাই ওষুধ, বটক্স, ফিলার ছাড়া যারা রিংকেল মুক্ত থাকতে চান তাদের অবশ্যই ক্রোধ এবং ঘুমের ধরনের পরিবর্তন আনতে হবে এমন অভিমত বিশেষজ্ঞদের।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ