অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশসহ চারজন

রাজধানীতে রবিবার পৃথক তিনটি ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মালামাল খুইয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ চার জন। তারা হলেন ডিএমপির ট্রাফিক পুলিশের কনস্টেবল সাদেক আলী, উত্তরা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ মিজান, ইটালী প্রবাসী আবু সাঈদ ও তার ভাই মোহাম্মদ লিটন। অচেতন অবস্থায় সবাইকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল সাদেক আলী গতকাল দুপুরে মোহাম্মদপুর এলাকায় ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার জন্য গাবতলী যাবার কথা ছিল। কিন্তু তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। দৃর্বৃত্তরা তার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার সময় তিনি সিভিল ড্রেসে ছিলেন। অপরদিকে ইটালী প্রবাসী আবু সাঈদ ও তার বড় ভাই লিটন গতকাল সকালে গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে কেনাকাটার জন্য ঢাকায় আসেন। বেলা তিনটার দিকে গুলিস্তানে একটি বাসের ভেতর তাদেরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বাস কাউন্টারের লোকজন দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আবু সাঈদ ও লিটনের ভাই রুবেল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ভাই আবু সাঈদ বেশ কিছুদিন আগে ইটালী থেকে দেশে ফেরেন। কয়েক দিন পরই তার ইটালী যাবার কথা ছিল। এ জন্য কেনা-কাটার জন্য ঢাকায় আসেন। তাদের সঙ্গে থাকা টাকা ও ব্যাগসহ অন্যান্য মালামাল খোয়া গেছে। অন্যদিকে ব্যবসায়ী মিজান গতকাল দুপুরে উত্তরা থেকে বাসে করে নিউ মার্কেট আসছিলেন। তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় আজিমপুর বাস স্ট্যান্ডে। তারও টাকা ও মোবাইল পাওয়া যায়নি।