বিভাগীয় কমিশনার ফুটবল হবে গ্রামে-গঞ্জে
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২২:০৮
ঢাকার চেয়ে গ্রামের ফুটবল মাঠে দর্শক বেশি হয়। কোলাহল পূর্ণ রাজধানীর যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে ফুটবল মাঠে আসতে চান না অনেকে। অথচ গ্রামে ফুটবল খেলা হলে মাঠের ভেতরে দর্শক উপচে পড়ে। এর জ্বলন্ত প্রমাণও পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান। যে কারণে এবার বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা পুরোটাই হবে বিভিন্ন জেলায়, গ্রামে-গঞ্জের মাঠে। ৩০ মে টুর্নামেন্ট শুরু হবে। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ কোথায় হবে তা চূড়ান্ত করা হয়নি। টুর্নামেন্টের আয়োজক ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জিল্লার রহমান বলেছেন, আগের বার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিলাম। কিন্তু তেমন সাড়া ফেলেনি। এর চেয়ে রাজধানীর বাইরে খেলা হলে দর্শকদের মধ্যে ব্যাপক উত্সাহ দেখা যায়।’
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিনতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কর্মকর্তারা বিভিন্ন তথ্য তুলে ধরেন। এবার পঞ্চম আসরে ১৭টি দল ৪ গ্রুপে খেলছে। চার গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। ফাইনাল ১৩ জুন। অংশগ্রহণকারী দলগুলোকে ৪০ হাজার করে দেয়া হবে। জিল্লার রহমান জানিয়েছেন জেলা দলগুলো তাদের নিজেদের এলাকার খেলোয়াড়দের নিয়ে খেলতে হবে। এগার জনের মধ্যে সাত জন স্থানীয় এবং চারজন বাইরে থেকে নেয়া যাবে। সেটা হতে পারে পাশের অঞ্চলের এমনকি বিদেশি ফুটবলার হলেও আমাদের কোনো আপত্তি নেই।’ তিনি বলেন, আমরা চাই ভালো খেলোয়াড় উঠে আসুক এবং এই খেলার মাধ্যমে একটা উত্সব হোক।’
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলকে ৬ ভরি ওজনের স্বর্ণের ট্রফি হাতে দেয়া হবে। একই সাথে সেটা ফেরত নিয়ে রেপ্লিকা দেয়া হয়।
১৯৯৯ সালে প্রথমবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২০০২ সালে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়ে ৮ বছর খেলা হয়নি। ২০১০ সালে পুনরায় এটি শুলু হয়ে গত বছর বন্ধ থাকে। এবার পঞ্চম আসর আয়োজন করতে গিয়ে কর্মকর্তারা পৃষ্ঠপোষক প্রসঙ্গে জানিয়েছেন স্পন্সররা ঢাকার বাইরে যেতে চায় না। যে কারণে নিজেদের উদ্যোগে ১৭ লাখ টাকার বাজেট নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছি আমরা। সংবাদ সম্মেলনে ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আনিসুর রহমান, সম্পাদক আলী হোসেন এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নেত্রকোনা, রানার্সআপ ময়মনসিংহ, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ঢাকা, জামালপুর, শেরপুর।