বিশ্বকাপেও মেসির জাদু?

মাঠে নামলেই ভুড়ি ভুড়ি রেকর্ড, ট্রফি, গোলের বন্যা আর জাদুকরি সব মুভ; গত বছর পাঁচেক ধরে লিওনেল মেসির কথা উঠলেই এই ব্যাপারগুলো বলতে হচ্ছিল। এমন না যে মেসি ফুরিয়ে গেছেন বা হারিয়ে গেছেন। কিন্তু মেসির সেই ভুবনজয়ী জাদুটা যেন ঠিক দেখা গেল না সদ্য শেষ হওয়া মৌসুমে। বলা হয়, ইনজুরি আর সামান্য ছন্দহীনতায় মেসির এই জাদু উপস্থিত না থাকায় অনেক বছর পর একেবারে ট্রফিশূন্য মৌসুম কাটালো বার্সেলোনা। বার্সেলোনার এ মৌসুমে যা হওয়ার তা হয়ে গেছে। কিন্তু এখন মেসিভক্তদের দুশ্চিন্তা আর্জেন্টিনাকে নিয়ে। এমন ফর্মহীন অবস্থায় আরেকটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রবল প্রত্যাশা কী সামলাতে পারবেন মেসি? না কি সর্বকালের সেরা হয়ে ওঠার চাপে ধসে পড়বেন! সমালোচকরা যা খুশি বলতে পারেন। তবে মেসির স্বদেশি কিংবদন্তী সিজার লুইস মেনোত্তি বলছেন, মেসিকে বিশ্বকাপে এবারই সেরা চেহারায় দেখা যাবে। বার্সেলোনার মেসিকে এখন আর্জেন্টিনার হয়ে দেখার অপেক্ষাতেই আছেন দেশটির এই বিশ্বকাপ জয়ী কোচ। ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতা মেনোত্তিকে এই ৭৫ বছর বয়সেও পৃথিবী চেনে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ নামে। হাতে সিগারেট, লম্বা চুল আর ঠোঁট কাটা কথা; আধুনিক ফুটবলের রোমাঞ্চকর এই কোচকে বলা হয় খাঁটি জহুরী। সেই চোখ দিয়ে দেখেই মেনোত্তি বলছেন, ‘আমার ধারণা, মেসি এবার সেরা ফর্মে আসবে এই বিশ্বকাপে। নিজের বাড়িতে, পরিবারের কাছে গিয়ে ও আসলে মানসিক স্বস্তিটা ফিরে পাচ্ছে। আর এই মাপের এই খেলোয়াড়ের ফর্মে ফেরার জন্য এটাই দরকার। সে ক্ষেত্রেও অসাধারণ একটা সময়ে সেরা ফর্মে ফিরবে।’ বার্সেলোনায় ঠিক কেন এ বছর ছন্দ হারিয়ে ফেলেছিলেন, সেটা দিয়েই এই ফেরার ব্যাপারটা ব্যাখ্যা করলেন মেনোত্তি, ‘বার্সেলোনায় ওকে অনেক চাপ নিতে হয়। এ বছর সেরা আরো বেশি ছিল। ওর এই মুহূর্তে দরকার ছিল পরিবেশটা বদলানো। তার জন্য সেরা উপায় হল নিজের প্রাকৃতিক পরিবেশে ফিরে যাওয়া, পুরোনো বন্ধুদের পাশে পাওয়া এবং অন্য একটা চ্যালেঞ্জ খুঁজে পাওয়া। এটাই রিকভারির সবচেয়ে যৌক্তিক উপায়। আমি যতোদূর বুঝি, একজন ফুটবলার এরকম একটা পর্ব পার করার পর এই পরিবেশে ফিরলে সেরা ফর্মেই ফেরে। ও জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার আগে রোসারিওতে এসে যে সময়টা কাটিয়েছে, এটাই ওকে বিশ্বকাপে সেরাটা খেলতে অনুপ্রেরণা দেবে। সবচেয়ে বড় কথা, এটা এক অন্য জগত্, যেখানে লিওর প্রাণের টান আছে এবং ওর প্রতি সবার অসীম শ্রদ্ধা আছে।’ মেনোত্তি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছেন, এটা একেবারেই পাল্টে যেতে পারে অন্য একটা গুঞ্জনে। অনেকে বলছেন, মেসি আসলে ফর্মেই আছেন। তিনি সে ফ বিশ্বকাপ সামনে বলে ইনজুরিমুক্ত থাকার জন্য মৌসুমের শেষ দিকে পুরো শক্তি দিয়ে খেলেননি। বিশেষ করে লিগের শেষ ম্যাচে তার শরীরি ভাষা নিয়ে খোদ কাতালানদের মধ্যেও অসন্তোষ আছে।