গ্যাজেট : মোডিলিয়ান ব্লুটুথ বাকল
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২১:৫৮
স্মার্ট ওয়াচ বা স্মার্ট হাতঘড়ির সাথে বিশ্ব পরিচিত হয়েছে অনেকদিন হলো। তবে এবারে স্মার্ট হাতঘড়ি নয়, ঘড়ির জন্য স্মার্ট স্ট্র্যাপ বাকল নিয়ে এসেছে মোডিলিয়ান। যেকোনো স্মার্ট হাতঘড়ির সাথেই ব্যবহার করা যায় এই অতিরিক্ত স্ট্র্যাপ। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে রয়েছে ব্লুটুথ। এর মাধ্যমে ছবি তোলা বা ইমেইল পড়ার কাজগুলো করা যায় না ঠিকই, তবে একে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যায় অ্যান্ড্রয়েড, আইফোন বা আইপ্যাডের সাথে। আর একে কোনো ডিভাইসের সাথে সংযুক্ত করলে এটি ওই ডিভাইসের প্রতিটি নোটিফিকেশনের জন্য আলাদা আলাদা ধরনের ভাইব্রেশন প্রদান করে। যেমন—কল আসলে এর ভাইব্রেশন হয় এক রকম, আবার ইমেইল আসলে এর ভাইব্রেশন হয় ভিন্ন রকম। ফলে ডিভাইসের দিকে না তাকিয়েও কেবল ভাইব্রেশনের মাধ্যমেই বুঝা সম্ভব কল এসেছে না কি ইমেইল এসেছে না কি টেক্সট ম্যাসেজ এসেছে। ভিন্ন ভিন্ন ধরনের ঘড়ির সাথে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে কয়েকটি আকারে। আর এর দাম রাখা হয়েছে ২০০ ডলার।