রায় বাস্তবায়ন না করায় প্রবাসী কল্যাণ সচিবকে হাইকোর্টে তলব
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:১৯
রায় বাস্তবায়ন না করায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩ জুন আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
২০১১ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এক রায়ে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের ৫টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীকে রাজস্বখাতে আত্মীকরণের নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করলে গত বছরের ১ আগস্ট আপিল বিভাগ রিট পিটিশনারদেরকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নিজ পদে/ সমমানের পদে আত্মীকরণের নির্দেশনাসহ আবেদনটি নিষ্পত্তি করে দেয়।