মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে বাধা নেই

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। গত রবিবার কবির আহমেদ খানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে দেয়। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সংক্ষিপ্ত শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে ৪ জুন এই নির্বাচন হতে আর কোন বাধা নেই বলে জানান আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে এডভোকেট মনসুরুল হক চৌধুরী এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এএম আমিনউদ্দিন ও মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।