হলমার্কের বিরুদ্ধে আরেকটি মামলা

হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে প্রায় ৪৫১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক। হলমার্ক গ্রুপের মালিকানাধীন হলমার্ক ফ্যাশন লিমিটেডের বিরুদ্ধে সোনালী ব্যাংকর এটি ১৪তম মামলা। মঙ্গলবার সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়ে আগামী ২৯ জুন সমন ফেরতের জন্য দিন ধার্য করেছেন। মামলার আরজির বর্ণনা অনুযায়ী জানা যায়, সুদে-আসলে সোনালী ব্যাংক হলমার্কের উল্লেখিত প্রতিষ্ঠানের কাছে ৪৫০ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৫৫৯ টাকা পাবে। সোনালী ব্যাংকের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, আসামিরা অসত্ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নামে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ক্রয়কৃত সুতা, কাপড় ও এক্সেসরিজ দিয়ে পোশাক প্রস্তুত করেনি। তৈরি কোন পোশাক রপ্তানি না করে এবং ব্যাংকের দেনা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকে। এ বিষয়ে বিবাদীদের কয়েক দফায় নোটিস দেয়া হয়। সবশেষে এ বছরের গত ১২ জানুয়ারি ব্যাংকের দেনা পরিশোধের জন্য চূড়ান্ত নোটিস দিলেও তারা কোন যোগাযোগ বা ঋণ পরিশোধের উদ্যোগ নেননি বলে অভিযোগ করা হয়। উল্লেখ্য, হলমার্ক গ্রুপ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংক থেকে ফান্ডেড ও ননফান্ডেড মিলে প্রায় চার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে কিছু টাকা আদায় করেছে ব্যাংক কর্তৃপক্ষ।