ইয়াবা রাখার অভিযোগে সাবেক ছাত্রনেতার দুই বছরের জেল

ধানমন্ডির এক সাবেক ছাত্রনেতাকে মাদকদ্রব্য (ইয়াবা) রাখার অভিযোগে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মধ্যরাতে কলাবাগান থানা পুলিশ তাকে কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬৫ পিস ইয়াবা ও একটি খেলনা পিস্তল। কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিন বাবুকে ইয়াবা বহনের অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাকে ২ বছরের সাজা দেয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ( এসি) এসএম শিবলী নোমান জানান, বাবুর বিরুদ্ধে রমনা ও কলাবাগান থানায় অস্ত্র মামলা রয়েছে। গতবছর ডিসেম্বর মাসে র্যাব বাবুর কাঁঠালবাগান অফিসে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কলাবাগান থানায় দায়ের করা মামলায় চার্জশিট দেয়া হয়েছে। উল্লেখ, নাজিমউদ্দিন বাবু ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা। বর্তমানে তার কোন পদবী নেই। তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে দল তাকে বহিষ্কার করে। ২০০৪ সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের শ্যালক নাজিমউদ্দিন বাবু।