আবাসনে বহুতল ফ্ল্যাট নির্মাণের পরামর্শ
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:২১
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজধানীতে প্লট বরাদ্দ না দিয়ে বহুতল ফ্ল্যাট নির্মাণ করে শহরবাসীর আবাসনের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে। সভায় ঢাকা শহরকে পরিকল্পিত সুন্দর আবাস ভূমি হিসেবে গড়ে তোলা এবং যানজট নিরসনে এ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়। সংসদ ভবনে মঙ্গলবার কমিটির সভাপতি আলহাজ মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মোঃ জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মোঃ আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০১৩-২০১৪ অর্থ বছরে মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থাসমূহে কোন খাতে কত টাকা বরাদ্দ প্রদান করা হয়েছিলো, ওই বরাদ্দ থেকে কত টাকা ব্যয় হয়েছে তার বিষদ বিবরণ প্রকাশ করা হয়।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের শেষ কিস্তির অর্থছাড় বছরের প্রথমদিকেই করার জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করা হয়। সভায় ফ্ল্যাট ও প্লট বরাদ্দ নীতিমালা পর্যালোচনা এবং উক্ত নীতিমালা লংঘন করে কোন ফ্ল্যাট বা প্লট বরাদ্দ দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য দুইটি সাব কমিটি গঠনের সুপারিশ করা হয়। সভায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, রাজউকের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।