কস্তার বিশ্বকাপ নিয়ে সংশয়
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৩৯
স্পেনের ব্রাজিলীয় বংশোদ্ভূত তারকা ফুটবলার দিয়েগো কস্তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিলেও কোচ ভিনসেন্ট ডেল বস্ক জানিয়েছেন তিনি খেলোয়াড়টির জন্য যতটা সম্ভব অপেক্ষা করবেন। যদিও বস্ককে ২ জুন বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।
কস্তার কুচকির পেশিতে আঘাতের কারণে খেলোয়াড়টিকে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। চিকিত্সকরা স্পষ্টভাবে এটা জানিয়ে দেয়ার পরই অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারটির বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দেয়। স্পেনের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়টি গত শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র নয় মিনিট মাঠে ছিলেন। কিন্তু ইনজুরির কারণে তাকে তাড়াহুড়া করে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিয়োনে। স্পেনের একটি ক্লিনিকে খেলোয়াড়টির স্বাস্থ্য পরীক্ষার পর সেখানকার প্রধান চিকিত্সক পেড্রো গুইলেন বলেন, ‘তার অবস্থা ভাল নয়। ম্যাচের আগে তার যা অবস্থা ছিল সেরকমই আছে। তার ডান হ্যামস্ট্রিংয়ে এখনো গ্রেড ওয়ান ইনজুরি রয়েছে এবং এ কারণে তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’
বিশ্ব ও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন গতবারের রানার্সআপ নেদারল্যান্ডের বিপক্ষে ১৩ জুন তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গুইলেন জানিয়েছেন কস্তা সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু সবকিছুই তার উন্নতির ওপর নির্ভর করছে।
বস্ক অবশ্য এত কিছুর মধ্যেও কস্তার ব্যাপারে ধৈর্য দেখাতে প্রস্তুত। এ ব্যাপারে স্পেনের ক্যাডেনা সের রেডিও স্টেশনকে তিনি বলেন, ‘দিয়েগো কস্তার ব্যাপারে ডাক্তারি রিপোর্টের বাইরে আমাদের খুব বেশি কিছু জানা নেই। আমরা তার সেরে ওঠাটা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের সিদ্ধান্ত নেয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো। আমি এর আগে বলেছিলাম যে আমি সব খেলোয়াড়কে ২ জুনের মধ্যে ভাল অবস্থায় দেখতে চাই। তার মানে এই নয় যে, আমি ব্যতিক্রমী কিছু করতে পারবো না।’
আগামী ৩০ জুন বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বস্ক ১৯ সদস্যের দলে তিনজন ফরোয়ার্ড ডেভিড সিলভা, ফার্নান্দো তোরেস এবং পেড্রো রডরিগুয়েজের নাম ঘোষণা করেছেন। ওই ম্যাচের পর স্প্যানিশ কোচ বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করবেন। ২৩ সদস্যের দলে নামিয়ে আনার আগে বিশাল তালিকায় কস্তা ছাড়াও অ্যাটলেটিকো ও রিয়ালের আরো সাতজন খেলোয়াড় রয়েছেন। স্পেন বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে যাতে অপর দুই প্রতিপক্ষ হলো চিলি ও অস্ট্রেলিয়া। বাসস