জামাল রাসেলের ম্যাচ লড়াই আজ

শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়াচক্র নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে আজ মুখোমুখি হচ্ছে। এ খেলার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শেখ জামালের জন্য আজ দ্বিতীয় পর্ব। শিরোপার পথে এগিয়ে চলা শেখ জামাল আগের ম্যাচে উত্তর বারিধারার ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে। সেটা পুষিয়ে দিতে শেখ রাসেলকে হারানোর প্রস্তুতি নিয়েছে নাইজেরিয়ান ফুটবল কোচ যোসেফ আফুসি। উত্তর বারিধারার কাছে খেলতে নেমে এমন রেজাল্ট কেমন হলে জানতে চাইলে আফুসি বলেছেন, ‘বার্সেলোনাও হারে। আমাদের একটা দিন এমনই হয়েছে। আপনারা খেয়াল করে দেখুন বারিধারা ক্লাবও ভালো খেলেছিল সেদিন। ওদেরকেও ক্রেডিট দিতে হবে।’ টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে কোচ মারুফুল হককে নিয়েছে শেখ জামাল। তার সাথে কিভাবে কাজ করবেন জানতে চাইলে আফুসি বলেন, ‘উনি (মারুফুল হক) উনার কাজ করবেন। আমি আমার কাজ করবো।’ শেখ রাসেলের বিরুদ্ধে একাদশ চূড়ান্ত করার ব্যাপারে মারুফের সাথে কথা হবে কিনা জানতে চাইলে এই নাইজেরিয়ান বলেন, টেকনিক্যাল বিষয় হলে কথা বলবো। প্লিজ আমি আর কোনো কথা বলতে চাই না।’ প্রথম পর্বে শেখ জামাল ১-০ গোলে হারিয়েছিল শেখ রাসেলকে। ৮৯ মিনিটে সনি গোল করেছিল। দ্বিতীয় পর্বে গত দুটি ম্যাচ ভালো যায়নি শেখ জামালের। আবাহনীর সাথে গোল শূন্য ড্র আর বারিধারার সাথে ড্রয়ে পয়েন্ট খোয়া গেছে। আর শেখ রাসেল টানা চার ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে (১-১) ড্র, ব্রাদার্সের কাছে (১-০), বিজেএমসির কাছে (১-২) হার এবং আবাহনীর সাথে (০-০) ড্র করে একের পর এক পয়েন্ট হারিয়েছে। তার উপর শেখ রাসেলের বিদেশি ফুটবলারদের সংখ্যাও কমে গেছে দুইজনকে ফেরত পাঠিয়েছে। আর হাইতির প্যাসকেল লিলিয়েন গত ম্যাচে লালকার্ড পেয়ে আজ মাঠে নামতে পারছেন না। সার্ভিয়ান স্ট্রাইকার মিরর ইনজুরিতে। নামবেন কিনা নিশ্চিয়তা নেই। অধিনায়ক বিপ্লব বলেছেন আমরা আজ সব দেশি ফুটবলার নিয়ে খেলবো। শেখ জামাল দেশিদের নিয়ে ভালো অবস্থানে। তার পরও আমাদের লক্ষ্য হচ্ছে মাঠে ছাড় দেবো না। ১৭ ম্যাচে শেখ জামালের ৩৯ এবং ১৪ ম্যাচে শেখ রাসেলের ১৭ পয়েন্ট। আজকের খেলা ঃ শেখ জামাল ঃ শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধাঃ উত্তর বারিধারা ক্লাব, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০ ও ৭টা ৩০।