নির্বিঘ্নে চলছে ‘এ’ দলের ব্যাটিং
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪১
ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো করেছে বাংলাদেশ ‘এ’ দল। বার্বাডোজে প্রতিপক্ষকে ২৯২ রানে অল-আউট করে আগের দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করেছিল নাসির হোসেনের দল। গতকাল বাংলাদেশ সময় রাতে, স্থানীয় সকালে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেও ৩০ রান তোলা পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সামসুর রহমান।
আগে পরে ক্যারিবীয় ব্যাটসম্যানরা তেমন কেউ কিছু করতে না পারলেও দলকে টেনে তোলেন ১৪০ রানের ইনিংস খেলা জার্মেইন ব্ল্যাকউড। দলকে ২ উইকেটে ১৯৭ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়ে বিদায় নেন তিনি। ১৪০ রান করা ব্ল্যাকউডের ১৬০ বলের ইনিংসে ছিল ২৩টি চার ও ১টি ছক্কা। তার বিদায়ের পর নিয়মিত উইকেট হারিয়ে তিনশ রানও পার করতে পারেনি স্বাগতিকরা।
‘এ’ দলের পক্ষে তাইজুল ইসলাম ও রবিউল তিনটি করে উইকেট নেন।