জাতীয় দলের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত ইব্রা

সুইডেনের তারকা স্ট্রাইকার জালাটন ইব্রাহিমোভিচ বলেছেন, ঘরোয়া লীগে তরুণ খেলোয়াড়দের সুযোগ না দেয়ায় জাতীয় দলের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত তিনি। ফরাসি চ্যাম্পিয়নশীপে প্যারিস সেন্ট জার্মেইকে শিরোপা পাইয়ে দিতে সহায়তা করার পর ভারমুক্ত ৩২ বছর বয়সী এ তারকা খেলোয়াড় বলেন, ইউরো ২০১৬ বাছাই পর্বে নতুন খেলোয়াড়দের খেলানোটাই বড় টুর্নামেন্টে ভালো করার একমাত্র পথ হতে পারে না। ইব্রাহিমোভিচ বলেন, ‘নিজ ক্লাবে প্রথম একাদশে না থাকলে খেলোয়াড় নির্বাচন করাটা বেশ কঠিন হয়ে যায়। প্রতিটি দেশই ইউরো এবং বিশ্ব কাপে খেলার যোগ্যতা অর্জন করতে চায়; কিন্তু এ ধরনের ম্যাচে আমরা অনভিজ্ঞ খেলোয়াড় পাঠাতে পারি না, পরিপক্ব খেলোয়াড় পাওয়ার পথ এটা নয়।’ বাছাইপর্বের প্লে অফ ম্যাচে পর্তুগালের কাছে সুইডেন হেরে যাওয়ায় ব্রাজিল বিশ্ব কাপে খেলতে না পারা ইব্রাহিমোভিচ বলেন, বিখ্যাত খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে শুরুতেই সুযোগ পান। আর্জেন্টিনার লিওনেল মেসির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মেসির বয়স যখন মাত্র ১৬ বছর ছিল তখনই সে বার্সেলোনার প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছে। ’