হঠাত্ ডোপ টেস্টের কবলে মেসিরা
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:২৩
লিওনেল মেসিসহ তার আর্জেন্টাইন সতীর্থদের গত মঙ্গলবার হঠাত্ করেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পের মাত্র একদিন আগে আকস্মিক এই ডোপ পরীক্ষা সংশ্লিষ্টদের অবাক করে দেয়।
আর্জেন্টাইন স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের সূত্র মতে, এজেইজায় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের এই পরীক্ষা পরিচালনার জন্য ফিফা নিযুক্ত ছয়জন চিকিত্সককে পাঠানো হয়। প্রচণ্ড ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে আর্জেন্টিনার খেলোয়াড়রা বর্তমানে ইনডোরে অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করছেন মিডফিল্ডার ফার্নান্দো গাগো এবং ইভার বানেগা।
এই দুজনেই এখনো ইনজুরি থেকে নিজেদের পুরোপুরি সারিয়ে তুলতে পারেননি। অন্যদিকে গত শনিবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া ব্যক্তি মালিকানাধীন বিমানে চড়ে রোসারিও থেকে বুয়েন্স আয়ার্সে এসে পৌঁছান। সপ্তাহের শেষে তার দলের সাথে অনুশীলনে যোগ দেবার কথা রয়েছে।
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৯০ সালের পরে কোয়ার্টার ফাইনালে গণ্ডি পেরুতে পারেনি। আগামী ১৫ জুন বসনিয়ার বিপক্ষে ‘এফ’ গ্রুপের প্রথম খেলায় অংশ নিয়ে মেসির দল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই গ্রুপে আরো রয়েছে ইরান এবং আফ্রিকান নেশন্স কাপ জয়ী নাইজেরিয়া।—বাসস/এএফপি