উচ্চ মাধ্যমিকে ভর্তি

নটর ডেম কলেজে পরীক্ষা নিতে বাধা নেই

নটর ডেম কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে জারি করা সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে জারিকৃত প্রজ্ঞাপনের ৩, ৪ ও ৯ নম্বর ক্রমিকের শর্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ১৮ মে শিক্ষা সচিব স্বাক্ষরিত একটি নীতিমালা জারি করা হয়। ওই নীতিমালার ৩, ৪ ও ৯ নম্বর ধারায় বলা হয়েছে, নটর ডেমে অনলাইনে ভর্তি, ভর্তি পরীক্ষা নেয়া যাবে না এবং ভর্তিতে কোটা অনুসরণ করতে হবে। প্রজ্ঞাপনের এ তিনটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মঈন গনি। শুনানি শেষে হাইকোর্ট প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি রুল জারি করে। আদালতের এই আদেশের ফলে শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।