গাইবান্ধায় মোবাইল অ্যাপস উন্নয়ন কর্মশালা সমাপ্ত

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হলো পাঁচ দিনব্যাপী অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস উন্নয়ন কর্মশালা। ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’র অধীনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় কারিগরি সহযোগিতা দেয় এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। কর্মশালায় ২৪জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা জাভা প্রোগ্রামিং ব্যবহার করে মোবাইল অ্যাপস তৈরির ধারণা লাভ করে। কর্মশালায় সেরা অ্যাপস নির্বাচিত হয় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলামের তৈরি ‘ভাই বোন ম্যাজিক’, যা একটি পাজল গেম। কর্মশালার সমাপনী দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামালউদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।