রিহ্যাব নির্বাচন
হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২২:২০
রিহ্যাব নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি রবিবার শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিহ্যাব নির্বাচনের সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেন রিহ্যাব নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আকতারুজ্জামান মঞ্জু। বুধবার এ স্থগিত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এবং রিট পিটিশনারের পক্ষে অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী শুনানি করেন।