কারখানা পরিদর্শন রিপোর্ট প্রকাশ করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের পোশাক কারখানাগুলো পরিদর্শন করে তৈরি রিপোর্ট জনসমক্ষে প্রকাশের জন্য বলা হলেও সরকার ও পোশাক ক্রেতারা এক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। গত বছরের এপ্রিলে রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনায় ১১শর বেশি শ্রমিকের প্রাণহানির পর এই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের জন্য বলা হয়েছিলো। এই অবস্থায় শ্রমিকদের সুবিধার জন্য কারখানা পরিদর্শনের রিপোর্ট বাংলা ও ইংরেজি ভাষায় জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এইচআরডব্লিউর এশীয় অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, বাংলাদেশে কারখানাগুলো পরিদর্শনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা না হলে গার্মেন্টস কারাখানার নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গৃহীত প্রচেষ্টা সফল হবে না। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অবহিত করার প্রয়োজন রয়েছে। যাতে করে তারা জানতে পারে, কারখানার পরিবেশ তাদের জন্য নিরাপদ কিনা। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প আরো উদার ও স্বচ্ছ হলে শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি সুফল বয়ে আনবে। বিবৃতিতে বলা হয়, রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশ সরকার ও পশ্চিমা রিটেইল প্রতিষ্ঠানগুলো সাড়ে ৩ হাজারেরও বেশি পোশাক কারাখানা পরিদর্শন করে। অনুসন্ধান পরিচালনাকারী সংগঠনগুলো জনসমক্ষে সেসব রিপোর্ট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু ১ বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত ৪০টিরও কম কারখানার রিপোর্ট প্রকাশ করা হয়েছে।