তিন দিনেই হারলো ‘এ’ দল

এই ফলটা অনুমান করাই যাচ্ছিল। কেবল সময়ের অপেক্ষা ছিল। সেই সময়টাও বেশি নিল না বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়া ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ধসে পড়ে চার দিনের ম্যাচ হারালো তৃতীয় দিন শেষ হওয়ারই আগে। সফরের প্রথম ম্যাচে ৩৫১ রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখলো নাসির হোসেনের দল। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হওয়ার পর পরশু বুধবার ৫০৪ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বাংলাদেশ অলআউট হয়েছে ১৫২ রানে! এর আগে ক্যারিবিয় দলটি দুই ইনিংসে যথাক্রমে ২৯২ ও ৩৫১ রান তোলে। প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছিল ৪১.৪ ওভার। দ্বিতীয় ইনিংসে ৩৮.২ ওভারের বেশি ব্যাট করতে পারেননি নাসির হোসেনরা। অর্থাত্ দুই ইনিংস মিলিয়ে মাত্র ৮০ ওভার ব্যাট করতে পেরেছে সাত টেস্ট ক্রিকেটারকে নিয়ে গড়া ‘এ’ দল। বুধবার জয়ের জন্য ৫০৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। চা-বিরতির আগেই ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুবের বিদায়ে অস্বস্তিতে পড়ে ‘এ’ দল। দিনের শেষ সেশনে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। সর্বোচ্চ ৩৩ রান করেন শামসুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে নুরুল হাসানের ব্যাট থেকে। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া নাঈম ইসলাম ও নাসির এবারো ব্যর্থ। নাঈম ফিরেন শূন্য রানে আর নাসির করেন ৩ রান। এর আগে লুকাস স্ট্রিটের উইন্ডসর পার্কে ২ উইকেটে ১৭০ রান নিয়ে খেলা শুরু করে হাই পারফরম্যান্স সেন্টার। অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইটের ১৬৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩৫১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা তার ২৩৭ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্বা। ব্রিজটাউনে ২ জুন দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে। এরপরই দেশে ফিরে আসবেন ‘এ’ দলের সঙ্গে থাকা জাতীয় দলের তারকারা।