সর্বপ্রথম মানচিত্র যে এঁকেছিলেন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ১৯:৫৩
সর্বপ্রথম মানচিত্র যে কে এঁকেছিলেন, তা তো আর নিশ্চিত করে বলা যায় না। তবে যাদের কথা বা যেসব মানচিত্রের কথা জানা যায়, সেগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো বলে অনুমান করা হয় ব্যাবিলনের একটা ম্যাপ। সেই মানচিত্রটার নাম ছিল—ইন্ডিগো মুন্ডি। আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে, মানে যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে। আর সেই মানচিত্রটি ঠিক আঁকা হয়নি, সেটা ছিল একটা পোড়ামাটির ফলক। তবে সেটা সবচেয়ে প্রাচীন মানচিত্র হলেও সেটি ছিল শুধুই ব্যাবিলনের মানচিত্র। যিনি প্রথম সারা পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন, তার নাম অ্যানাক্সিম্যান্ডার। কিন্তু সমস্যা হলো, তখনও সব অঞ্চলের মানুষের সাথে সবার যোগাযোগই ছিল না। ফলে মানচিত্রটিতেও পৃথিবীর অল্প একটু জায়গাই এলো, ভূ-মধ্যসাগর আর কৃষ্ণসাগরের চারপাশের এশিয়া, ইউরোপ আর আফ্রিকার অল্প একটু অঞ্চলই তাতে দেখাতে পেরেছিলেন তিনি। তার এই মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অব মিলেটাস, তিনি এমনকি এশিয়ার একদম শেষপ্রান্তে ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। দেখিয়েছিলেন মিশরের অবস্থানও। অবশ্য সেসব অবস্থান নির্ণয় যে পুরোপুরি সঠিক ছিল, তা বলা যায় না। এরপর মহাবীর আলেকজান্ডারের আমলে তার পুরো সাম্রাজ্যের একটি মানচিত্র আঁকেন এরাতোসথিনেস। আর তারপর অনেকেই মানচিত্রের উন্নয়নে অবদান রাখতে থাকেন। আর মানচিত্রে প্রথম বিশাল চীনের অবস্থান নির্ণয় করেন মেরিনাস অব তায়ার। আর মানচিত্র অঙ্কনের ইতিহাসের আদিযুগের সবশেষ মানচিত্র-আঁকিয়ে ছিলেন টলেমি। এই গ্রিক আবার একাধারে ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিদ, ভূগোলবিদ।