থ্রি কোয়ার্টারে স্বস্তি

গরম নিয়ে তরুণদের ভাবনা একটু বেশিই। এমন আবহাওয়ায় চলাফেরা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা তো বটেই, সে সঙ্গে পরনের পোশাকের দিকেও খেয়াল রাখতে হয়। গরম এলেই জামা-কাপড়ে আসে ব্যাপক পরিবর্তন। তাই গরমের কথা মাথায় রেখে সবাই চান আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পরতে। গরমে পরিধানের জন্য থ্রি-কোয়ার্টার বা ফোর-কোয়ার্টার প্যান্ট অনেকটা জুতসই। বরাবরই তরুণদের পছন্দের তালিকায় প্রাধান্য পেয়ে থাকে। তাই এবার থ্রি-কোয়ার্টারের খোঁজখবর নিয়ে রইল কিছু পরামর্শ। বর্তমান বাজারে নানা ধরনের কাপড়ের প্যান্ট রয়েছে তরুণদের জন্য। তবে জিন্স এবং সুতির প্যান্ট চলছে ভালো। এদের মধ্যেও রয়েছে নানা ডিজাইন। কোনো প্যান্টের দুই পাশে দুই পকেট দেওয়া, আবার কোনোটিতে রয়েছে দুটির বেশি পকেট। ভ্রমণের উপযোগী প্যান্টে রয়েছে অতিরিক্ত পকেট। যেখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসই রাখা যাবে সহজে। বেশির ভাগ প্যান্টের রঙই হালকা ধাঁচের। সাদা, ঘিয়ে, ধূসর, হালকা নীল, বাদামী, অফ হোয়াইটসহ সব রঙেরই পাওয়া যায়। যদি হাঁটু পর্যন্ত চান, তাও পাবেন, আবার হাঁটু থেকে সামান্য নিচে চাইলে তাও পাবেন। বাজারে ঘুরলেই চোখে পরবে নানা বয়সীদের জন্য রয়েছে নানা ধরনের ডিজাইনের প্যান্ট। বিশেষ করে তরুণদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট। স্কুলগামী বাচ্চা থেকে শুরু করেত তরুণ ছেলে-মেয়ে সবাইকে কমবেশি দেখা যায় এই পোশাকে। এসব প্যান্টের সবচেয়ে ভালো দেখা মিলবে ঢাকার নিউমার্কেট ছাড়াও দেশের অধিকাংশ বিপণী বিতানে। আর যদি নিজে বানাতে চান তাহলে ইসলামপুরে রয়েছে এসব কাপড়ের দোকান। রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, নিউমার্কেট, মিরপুর, উত্তরা প্রভৃতি এলাকায় কিনতে পাওয়া যাবে এসব প্যান্ট। বিভিন্ন শোরুমে থেকে পছন্দ করে কিনতে চাইলে যেতে পারেন ওটু, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, প্লাস পয়েন্ট, বিগ বস, একস্ট্যাসি, ওয়েসটেকস, মেনস ক্লাবে। ব্র্যান্ডের থ্রি-কোয়ার্টার প্যান্ট কিনতে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত। তবে সাধারণ দোকান থেকে কিনলে দাম পড়বে ৩৫০-৮০০ টাকা। বাচ্চাদের থ্রি-কোয়ার্টারের দাম ৮০-১২০ টাকা। মেয়েদের থ্রি-কোয়ার্টারের দাম ৮০-২২০ টাকা। ক্যাটস আইয়ের প্রতিটি থ্রি-কোয়ার্টারের দাম ২২০-৩৩০ টাকা। নিউমার্কেটের দোতালা, চন্দ্রিমা মার্কেট ও ধানমন্ডির হকারস মার্কেট ও নুরজাহান ম্যানশনে রয়েছে শর্ট-ট্রাউজার, থ্রি কোয়ার্টারের সমাহার। তবে এখান থেকে কিনতে হলে আপনাকে দরদাম করায় বেশ পারদর্শী হতে হবে। মডেল সাইমন