আ মা র স্ব প্ন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২০:০২
পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :torunkantha.ittefaq@gmail.com
শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করব
আমি উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করব। মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। বর্তমানে রাষ্ট্র যেখানে শিক্ষিতের হার বাড়ানো নিয়ে ব্যস্ত সেখানে এখনও গ্রামের খেটে খাওয়া মানুষের ঘরে শিক্ষার আলো নিশ্চিত করা যায়নি। আমি এই জায়গাটায় কাজ করতে চাই। সমাজে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে চাই। তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতে চাই। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শতভাগ সুশিক্ষা নিশ্চিত করতে হবে। মৌলিক চাহিদা পূরণ করতে হবে। সমাজের বৈষম্য রেখে আমরা শান্তি আশা করতে পারি না। নিজের ক্যারিয়ারের কথা ভাবনার সাথে সাথে পেছনে পড়া মানুষদের কথাও ভাবতে হবে। আমার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করার জন্য এখন থেকেই নিজেকে তৈরি করছি।
তাহমিনা আক্তার
বিএসএস, মাধবপুর ডিগ্রি কলেজ,হবিগঞ্জ
০০০০০০০০০০০
আইনজীবী হতে চাই
ছোটবেলায় অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখতাম। আমার বাবা পেশায় সাংবাদিক ও শিক্ষক। ছোটবেলা থেকেই বাবার সাংবাদিকতা পেশার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। যদিও আইন বিষয় নিয়ে অনার্স করছি তারপরেও বাবার ঐতিহ্যকে ধরে রাখতে আইন পেশার পাশাপাশি সাংবাদিকতাকেও পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আমার রয়েছে। আমার বাবা সবসময় একটা কথা বলেন, ‘মাথা উচু করে বেঁচে থাকতে হলে সততার সঙ্গে বেঁচে থাকতে হবে।’ নিজের সততা এবং নিষ্ঠা দিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আইনজীবী ও সাংবাদিক হয়ে। আইনজীবী হওয়ার মাধ্যমে জনগণকে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দিতে চাই এবং সাংবাদিক হয়ে মানুষের কাছে থাকতে চাই এবং গণমাধ্যমে তাদের দুঃখ-সুখের কথা তুলে ধরতে চাই। আমার লালিত স্বপ্ন আইনজীবী ও সাংবাদিক হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে যেন নিয়োজিত করতে পারি সেজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
এস এম হূদয় রহমান
শিক্ষার্থী, এলএলবি (অনার্স), ১ম বর্ষ, ইস্টার্ন ইউনিভার্সিটি।