বুড়িগঙ্গার চ্যানেল পুনরুদ্ধার দাবি

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল পুনরুদ্ধারের দাবি জানিয়েছে, পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) কয়েকটি সংগঠন। শুক্রবার লালবাগ শহীদ নগর বেড়ি বাঁধে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী মহানগরী ঢাকার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীববৈচিত্র্যের বিশাল আধার। কিন্তু বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট, দখল ও দূষণের ফলে এটি ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। চ্যানেলটি ইতিমধ্যে অবৈধ দখলে চলে গেছে। বক্তারা আরও বলেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে মাত্র। অথচ ঢাকার প্রাণস্বরূপ বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে তা কোনো কাজে আসেনি। পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো:আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, আসলাম খান প্রমুখ।