তারেক মনস্তাত্ত্বিক চাপে ভুগছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে থাকায় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে ভুগছেন। ওই চাপ থেকেই তিনি বিভিন্ন অসংলগ্ন কথা বলছেন। এটা এক ধরনের বিকৃতি। রাজনীতির ভাষায় একে বলা হয় পলিটিক্যাল পারভার্শন। তাই তার এসব কথার জবাব দেয়ার দাবি রাখে না। তবে জনগণই এর জবাব দেবে। তারেককে এই পারভার্শন অবস্থা থেকে উদ্ধারের জন্য তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানান। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ন কবির মিজির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সোহেলী পারভীন মনি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।