বিশ্বকাপেও শূন্য আসন!

চার বছরের অপেক্ষা শেষে অবশেষে দুয়ারে বিশ্বকাপ। দলগুলোও প্রস্তুত তাদের সেরাটা ঢেলে দিতে। ইতিহাসের অংশ হতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে তৈরি লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোরাও। ব্রাজিলের বাইরে কোটি কোটি ফুটবল প্রেমীও তৈরি প্রিয় দলকে সমর্থন যোগাতে। সমগ্র পৃথিবীই যখন আচ্ছন্ন বিশ্বকাপ জ্বরে তখন খোদ ব্রাজিলিয়ানরাই কি-না বিশ্বকাপ বিমুখ! আর সেটা এমনই যে, ব্রাজিলের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মানাউস, ফোর্টেলেজা, কিউজাবা বা সালভাদোরে অনুষ্ঠেয় বিশ্বকাপ ম্যাচগুলোতে স্টেডিয়াম খালি থাকারও আশঙ্কা আছে। রিও ডি জেনিরো এবং সাও পাওলোর মতো বড় বড় শহরগুলো যেখানে ব্রাজিলে বসবাসরত বিদেশিদের মূল অংশটি বাস করেন, দূরত্বের কারণে যেতে চাচ্ছেন না এসব জায়গায়। তাছাড়া, এখানে গ্রুপ পর্বের ম্যাচগুলো বাদে বড় ম্যাচও নেই খুব একটা। ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত নতুন নতুন সব স্টেডিয়ামের বিশাল অংশ ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ সময় থাকতে পারে শূন্য। আর এই দুইয়ের প্রভাব পড়েছে এই ম্যাচগুলোর টিকেটের দামেও। অনলাইনে কোনো কোনো ম্যাচের টিকেট বিকোচ্ছে মাত্র নয় পাউন্ডে। অর্থাত্, ব্রাজিলে এক প্যাকেট সিগারেটের দামের চাইতেও কম! নাইজেরিয়া এবং বসনিয়ার মধ্যকার কিউজাবায় অনুষ্ঠেয় ম্যাচের টিকেট পাওয়া যাচ্ছে মাত্র নয় পাউন্ডেই। বসনিয়া এবং ইরানের ম্যাচের টিকেটের দাম দশ ডলার। আর রাশিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি দেখা যাবে মাত্র ১২ ডলারে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে এবং বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবে বিবেচিত বেলজিয়ামের মতো দলগুলোরও টিকেট খরচ বাদ দিয়ে পাওয়া যাচ্ছে মাত্র ২৪ পাউন্ডে। অথচ, দক্ষিণ আমেরিকারই অন্যান্য দল যেমন আর্জেন্টিনা-কলাম্বিয়া ম্যাচের টিকেট পাওয়া যাচ্ছে না নির্ধারিত দামের দশগুণ বেশি অর্থ দিয়েও। আর ব্রাজিলের ম্যাচের টিকেট কালোবাজারেও ছড়াচ্ছে আগুন। ১২ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের টিকেটের মূল্য কালোবাজারে ফাইনালের টিকেটের দামের চাইতেও বেশি! যেখানে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ফিফা অনুমোদিত টিকেট মূল্য ৫৫ থেকে ১০৫ পাউন্ড। আর ফাইনালের ক্ষেত্রে ফিফা টিকেটের দাম নির্ধারণ করেছে ২৬০-৫৯০ পাউন্ড। তবে নিজের দেশে নেইমার-আলভেজদের ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। ফলে, টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাত্ ফাইনালের দামেই প্রথম ম্যাচের টিকেট কিনতে কালোবাজারে হুমড়ি খেয়ে পড়েছেন তারা। ডেইলি মেইল ও ওয়েবসাইট অবলম্বনে।