‘ইতালির সঙ্গে ইংল্যান্ডের তুলনা চলে না’

ইতালি দলটা এই আট বছর আগেও বিশ্বকাপ জিতেছে; বর্তমান দলেও বিশ্বকাপ জেতা খেলোয়াড় আছেন কয়েকজন। আর ইংল্যান্ড দলের বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা তাদের একমাত্র বিশ্বকাপ জয়ের এক দশকেরও পরে জন্মেছেন সবাই! ফলে বিশ্বকাপ প্রসঙ্গে অন্তত ইতালির ধারে-কাছেও নেই ইংল্যান্ড। এই কথাটা অন্য কেউ বললে সেটা স্বাভাবিক বলে মেনে নেয়া যায়। কিন্তু ইতালির কোনো খেলোয়াড় এই দাম্ভিক তুলনাটা করলে সেটাকে ঠিক ভদ্রতা বলে মনে হয় না। এসব ভদ্রতা-অভদ্রতার ধার আর যেই হোক, মারিও বালোতেল্লি ধারেন না। তাই ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে কঠিন লড়াইয়ের প্রশ্ন উঠতে স্রেফ ফুঁ দিয়ে এসব কথাবার্তা বলে উড়িয়ে দিলেন ইংলিশদের। তিনি খুবই বিশ্বাস করেন যে, দু’চারজন ভালো খেলোয়াড় থাকলেও এই ইংল্যান্ড দলটার ‘ভবিষ্যত্’ ভালো না! অন্তত ইতালিকে চ্যালেঞ্জ করার যোগ্যতা এই রুনিদের মধ্যে তিনি দেখেন না, ‘আমার ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফির কোনো দাবিদার হিসেবেই দেখি না। হ্যাঁ, কয়েকজন খেলোয়াড় আছে। কিন্তু ইতালির প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা নেই ওদের।’ ইতালিকেও বালোতেল্লি বিশ্বকাপের ফেবারিট বলছেন না। তবে ঠোঁট কাটা এই এসি মিলান তারকা ইতালির চেয়ে অনেক পিছিয়ে রাখছেন গ্রুপ প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে, ‘আমি বলছি না, ইতালি ফেবারিট। তবে আমাদের দলের যে মানসিকতা এবং অভিজ্ঞতা, তাতে আমরা যে কাউকে চমকে দিতে পারি। ইংল্যান্ডের সে যোগ্যতা নেই।’ যদিও গ্রুপপর্বে ইতালিকে ইংল্যান্ড ছাড়াও উরুগুয়ে ও কোস্টারিকার মতো দুই দলের চ্যালেঞ্জও পার করতে হবে। বাকি দু’দল নিয়ে চুপ থাকলেও এক সময় ইংলিশ লিগে খেলা বালোতেল্লি এই দলটাকে তুচ্ছ-তাচ্ছিল্যের চূড়ান্ত করলেন। আর শেষ বেলায় আসল আঘাতটা করলেন। বললেন, বিশ্বকাপ জেতা তো দূরে থাক, ইংলিশ এই দলটার তো কোয়ার্টার ফাইনালের ওপরের অভিজ্ঞতাই নেই। তাহলে তাদের সঙ্গে ইতালির তুলনারই সুযোগ দেখেন না বালোতেল্লি, ‘আমাদের দলে বিশ্বকাপ জিতেছেন, এমন খেলোয়াড়ই আছেন কয়েকজন। আর ইংল্যান্ডের এরা তো জানেই না, কোয়ার্টার ফাইনালের ওপরে কিভাবে খেলতে হয়!’