কোস্টারিকা স্ট্রাইকারের বিশ্বকাপ স্বপ্ন শেষ
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:১২
অনুশীলনে আঘাত পাওয়ায় কোস্টারিকা স্ট্রাইকার অ্যালভারো সাবোরিও’র আর বিশ্বকাপ খেলা হলো না। এ ঘটনায় দক্ষিণ আমেরিকার দেশটির বিশ্বকাপ সম্ভাবনাও হোঁচট খেলো।
৩২ বছর বয়সী স্ট্রাইকারটি বৃহস্পতিবার ডান পায়ে আঘাত পান।
জাতীয় দলের হয়ে তিনি ৯৩ খেলায় ৩২ গোল করেন। কোস্টারিকার হয়ে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেন তিনি। কোস্টারিকা কোচ হোর্গে লুইস পিন্টো পরে এক সংবাদ সম্মেলনে জানান, তার প্রথম পছন্দের ফরোয়ার্ডটির আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল রিয়াল সল্ট লেক এ খেলা সাবোরিওর সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোস্টারিকা ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড, ইটালি ও উরুগুয়ের সাথে পড়েছে।