নূরজাহান বোসের বইয়ের প্রকাশনা উত্সব

বিশিষ্ট লেখক নূরজাহান বোসের ভ্রমণ কাহিনী ‘যেতে যেতে পথে’-এর প্রকাশনা উত্সব শনিবার শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রকাশক মফিদুল হক, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, কবি-সাংবাদিক সোহরাব হাসান, লেখক জাহানারা নওশিন ও নূরজাহান বোস। শামসুজ্জামান খান বলেন, জীবনকে দেখার এক নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে লেখকের। এই বইয়ে তা প্রতিফলিত হয়েছে। সংস্কৃতিবোধ ও ইতিহাস মিলিয়ে তিনি জীবনকে দেখেন। মহিদুল হক বলেন, ভ্রমণ কাহিনী হলেও এই বইয়ে আরো অনেক মাত্রা আছে। এক অর্থে এটি লেখকের আত্মকথন। সোনিয়া নিশাত আমিন বলেন, বইয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের সুন্দর বর্ণনা পাঠকদের এক ধরনের ভাললাগায় আবিষ্ট করবে। সামাজিক, ইতিহাসের উপকরণ ছড়িয়ে আছে এই বইয়ে। সোহরাব হাসান বলেন, সবার বিরোধিতা সত্ত্বেও একজন মানুষ কিভাবে তার লক্ষ্যে পৌঁছায় বিক্ষিপ্তভাবে সেসব কথাও উঠে এসেছে এই বইয়ে। যেখানে জীবনের অনেক প্রশ্নের, জিজ্ঞাসার জবাব পাওয়া যাবে। বই সম্পর্কে লেখক নূরজাহান বোস বলেন, বিভিন্ন দেশে জীবিকার উদ্দেশ্যে আমাদের ছেলেরা গেছে। বইয়ে তাদের কথাও উঠে এসেছে। বইয়ে আনন্দের কথা যেমন লিখেছি, পাশাপাশি মানুষের সুখ-দু:খের কথাও উঠে এসেছে।