দুঃস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার ২৯টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়া এ কর্মসূচিতে থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি এই কর্মসূচিতে অংশ নিতে পারেননি। তার বদলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতারা দ্বিতীয় দিনের খাবার বিতরণ করেন। খিলক্ষেতে সকাল পৌনে ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দ্বিতীয় দিনের খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। এরমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ৬টি স্থানে, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মিরপুরে, মির্জা আব্বাস তেজগাঁও ও বেগুনবাড়ি এলাকায় এবং নজরুল ইসলাম খান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান ও এর আশপাশে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। আজ রবিবারও দলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হবে।